বছরের পর বছর মিলবে ফ্রি বিদ্যুৎ, পাঁচ জনের পরিবারে কত কিলোওয়াট দরকার?

Published:

PM Surya Ghar Yojana

অনন্যা সরকার, কলকাতা: আজকাল বিদ্যুৎ বিলের ক্রমাগত বৃদ্ধির কারণে মধ্যবিত্ত পরিবারগুলির জন্য মাসিক বাজেট সামলানো রীতিমত কঠিন হয়ে পড়ছে। এর অন্যতম কারণ হল, এসি, রেফ্রিজারেটর বা ওয়াশিং মেশিনের মতো বৈদ্যুতিক যন্ত্রগুলি প্রতিটি বাড়িতেই এখন অপরিহার্য হয়ে উঠেছে। এই ইলেকট্রনিক্সগুলির দৈনন্দিন ব্যবহারের ফলে বিদ্যুৎ বিল আকাশচুম্বী হয়ে যায়। তাই ক্রমবর্ধমান বিদ্যুৎ বিলের বোঝা এড়াতে, ছাদের ওপর সোলার প্যানেল স্থাপন করা বেশিরভাগ মানুষের কাছে এখন একটি পছন্দের বিকল্প হয়ে উঠেছে। তাছাড়া, কিছু বছর ধরে ভারত সরকারের একটি উদ্যোগ সোলার প্যানেল লাগানোর জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করছে। এটি হল পিএম সূর্য ঘর যোজনা (PM Surya Ghar Yojana), যার মাধ্যমে সোলার প্যানেল স্থাপনের খরচের ওপর সরকারি ভর্তুকি মেলে। আসুন তাহলে এই কেন্দ্রীয় প্রকল্পটির সুবিধা সহ অন্যান্য জরুরি তথ্যগুলি জেনে নেওয়া যাক।

৫ জনের পরিবারে কত কিলোওয়াটের সোলার সিস্টেম দরকার?

যদি বাড়িতে ৫ সদস্য থাকে এবং নিত্যদিন টিভি, এসি, রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিনের মতো সাধারণ বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি ব্যবহৃত হয়, তবে একটি ৩ কিলোওয়াট অন-গ্রিড সোলার সিস্টেম উপযুক্ত হবে। এই সোলার সিস্টেমটি প্রতিদিন ১২ থেকে ১৫ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা প্রায় ৫ থেকে ১০ ঘণ্টা ব্যবহার করা যায়। উল্লেখ্য, একটি সোলার প্যানেল বছরে গড়ে ৩০০ দিন কার্যকরীভাবে কাজ করে। অর্থাৎ, ৩ কিলোওয়াট সোলার সিস্টেম বছরে প্রায় ৩,৬০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে। এই সিস্টেমটি ৫ জনের চাহিদা মেটানোর জন্য আদর্শ হতে পারে। 

যেহেতু আজকাল বেশিরভাগই ছোট পরিবার। তাই ৩ কিলোওয়াট সোলার সিস্টেম দেশের সবথেকে জনপ্রিয় সোলার প্যানেলে পরিণত হয়েছে। এটি ইনস্টল করার জন্য প্রথমেই দরকার ৩০০ বর্গফুটের খালি ছাদ বা খোলা জায়গার প্রয়োজন। এটির দাম প্রায় ১.৪৫ লক্ষ থেকে ১.৫০ লক্ষের মধ্যে। একবার ইন্সটল করলে ব্যবহারকারীরা প্রতি বছর বিদ্যুৎ বিলে প্রায় ৩০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা সাশ্রয় করতে পারেন।

আরও পড়ুন: না থাকলেই বিপদ, বাড়িতে বসেই বানিয়ে নিন নীল আধার, রইল প্রসেস

পিএম সূর্য ঘর যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার একটি ৩ কিলোওয়াট সোলার সিস্টেমে ৭৮,০০০ টাকা ভর্তুকি দেয়। প্রথম ২ কিলোওয়াট সোলার সিস্টেমে প্রতি কিলোওয়াটে ৩০,০০০ টাকা ভর্তুকি মেলে। তারপর ৩ কিলোওয়াট থেকে প্রতি কিলোওয়াটে ১৮,০০০ টাকা ভর্তুকি যুক্ত হয়।

কীভাবে আবেদন করবেন পিএম সূর্য ঘর যোজনায়?

  • এই যোজনায় আবেদনের জন্য প্রথমেই যেতে হবে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট, pmsuryaghar.gov.in -এ।
  • ‘অ্যাপ্লাই নাও’-এ ক্লিক করতে হবে।
  • মোবাইল নম্বর এবং তাতে আসা ওটিপি (OTP) দিয়ে রেজিস্টার করতে হবে। 
  • এরপর আবেদনকারীর বিদ্যুৎ গ্রাহক নম্বর, রাজ্য এবং বিদ্যুৎ সরবরাহকারীর বিবরণ লিখতে হবে।
  • যে সোলার সিস্টেম প্রয়োজন, তার ক্ষমতা উল্লেখ করে আবেদন জমা দিতে হবে।
  • বিদ্যুৎ সরবরাহকারীর অনুমোদন পাওয়ার পর, পোর্টালে তালিকাভুক্ত একজন বিক্রেতাকে নির্বাচন করতে হবে
  • সোলার প্যানেল এবং নেট মিটার ইনস্টল করার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ আপলোড করতে হবে। 
  • সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ৩০টি কার্যদিবসের মধ্যে সরকার ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়।

আরও পড়ুন: KYC নয়, এটা না করলেও অক্টোবর থেকে এদের রেশন কার্ড বাতিল

জানিয়ে রাখি, পিএম সূর্য ঘর যোজনায় আবেদন করার জন্য আবেদনকারীর আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, সম্পত্তির মালিকানার প্রমাণ ও সাম্প্রতিক বিদ্যুৎ বিলের মতো নথিগুলির প্রয়োজন।