সহেলি মিত্র, কলকাতাঃ হেলমেট নিয়ে বড় সিদ্ধান্তের পথে হাঁটল রাজ্য সরকার। আপনিও যদি বাইক চালক হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। দু-চাকার যানবাহনের চালকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে, রাজ্য সরকার হাফ হেলমেটের (Half Helmet) ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
২০২৭ থেকে হাফ হেলমেট নিষিদ্ধ!
এর পাশাপাশি, কর্ণাটিক সরকার (Government of Karnataka) অনিরাপদ হাফ হেলমেটের উৎপাদন ও নির্মাণ বন্ধ করার প্রস্তুতিও নিচ্ছে। এই নিষেধাজ্ঞাটি ১ জানুয়ারি, ২০২৭ থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ১৬ নভেম্বর বেঙ্গালুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পরিবহণ মন্ত্রী বৈরাতি সুরেশ স্পষ্ট করেছেন যে, দু-চাকার চালকরা অনিরাপদ হাফ হেলমেট ব্যবহার করতে পারবেন না।
মন্ত্রী আরও বলেন যে, ওলা এবং উবার সহ সমস্ত ট্যাক্সিতে মিটার লাগাতে হবে। তিনি বলেন, ট্যাক্সি কোম্পানিগুলোকে যাত্রীদের কাছ থেকে শুধুমাত্র সরকার নির্ধারিত ভাড়াই নিতে হবে এবং এই নিয়ম লঙ্ঘনকারীদের শাস্তি দেওয়া হবে।
আরও পড়ুনঃ ৩০ নভেম্বরের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া ডিএ-র টাকা? অপেক্ষায় ১৫,২১১ পেনশন প্রাপক
কেন এরকম সিদ্ধান্ত?
আসলে হাফ-হেলমেট মাথার কেবল উপরের অংশ ঢেকে রাখে এবং মুখ, চিবুক, কান ও ঘাড়ের নিচের অংশ খোলা রাখে। ফুল-ফেস হেলমেটের তুলনায় এটি তুলনামূলকভাবে সস্তা হলেও, এটি পর্যাপ্ত সুরক্ষা দেয় না। রাজ্য সরকার অনিরাপদ হাফ হেলমেটের উৎপাদন ও নির্মাণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রী জানিয়েছেন যে, এ বিষয়ে একটি আনুষ্ঠানিক আদেশ জারি করার কথা ভাবা হচ্ছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজ্যে হাফ হেলমেট ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হবে। এছাড়াও, এই ধরনের হেলমেট প্রস্তুতকারী ইউনিটগুলোর ওপর বিধিনিষেধ আরোপের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক সরকারি আদেশ জারির পর এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের নিয়মকানুন ও পদ্ধতি স্পষ্ট হবে।










