বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধের মাঝেই ভারতীয় নৌবাহিনীতে বদলের হাওয়া (Indian Navy)! আগামী 31 মে মেয়াদ শেষ হচ্ছে নৌবাহিনীর বর্তমান প্রধানের। ফলে, তিনি দায়িত্ব শেষ করতেই ভারতীয় নৌসেনার নতুন প্রধান হিসেবে নিয়োগ করা হবে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনকে। খোদ ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় নৌ বাহিনীর প্রধান হওয়ার পর আগামী 2028 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এই বিশেষ পদে থাকবেন স্বামীনাথন।
ভারতীয় নৌসেনার হবু প্রধান সম্পর্কে কিছু কথা
জানিয়ে রাখি, নরেন্দ্র মোদি সরকারের সিদ্ধান্তে ভারতীয় নৌবাহিনীর প্রধানের আসন পেতে যাওয়া কৃষ্ণ স্বামীনাথন বর্তমানে মুম্বইয়ে পশ্চিমাঞ্চলীয় নৌ কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে কাজ করছেন। বলাই বাহুল্য, 1987 সালের পহেলা জুলাই ভারতীয় নৌ-বাহিনীতে যুক্ত হয়েছিলেন কৃষ্ণ স্বামীনাথন। এর আগে ব্রিটেনের জয়েন্ট সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং আমেরিকান নেভাল ওয়ার কলেজে পড়াশোনার পর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতেও নিজের শিক্ষার্থী জীবন কাটিয়েছিলেন স্বামীনাথন। এছাড়াও ভারতীয় নৌবাহিনীর ভাবি প্রধান কলেজ অফ নেভাল ওয়ারফেয়ারের সাথেও ওতপ্রোত ভাবে যুক্ত ছিলেন।
তবে এবার তিনি দায়িত্ব পেতে চলেছেন সরাসরি ভারতীয় নৌবাহিনীর প্রধানের। আর এই আসন পাওয়া মাত্রই তাঁর কাঁধে চাপবে ভারতীয় সমুদ্র সীমান্ত রক্ষা এবং নৌবাহিনীর আধুনিকীকরণের একাধিক গুরুত্বপূর্ণ সব দায়িত্ব। তাছাড়াও ভবিষ্যতে ভারতীয় নৌবাহিনী পরবর্তী মিশনগুলি কীভাবে সফলভাবে সম্পন্ন করবে তাও ঠিক করবেন তিনিই। সবচেয়ে বড় কথা, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীতে ভারতের জাহাজগুলিকে নিয়ে যথেষ্ট চিন্তিত ভারতীয় নৌ-বাহিনী। কিছু জাহাজ নিরাপদে ভারতে পৌঁছালেও বাকি থেকে যাওয়া জাহাজগুলির নিরাপত্তার স্বার্থে ওমান উপসাগরে যুদ্ধজাহাজ মোতায়ন করেছে ভারত। ঠিক সেই পরিস্থিতিতে ভারতীয় নৌবাহিনীর প্রধানের দায়িত্ব নেওয়াটা মোটেই চারটি খানি কথা নয়।
অবশ্যই পড়ুন: শ্রেয়স আইয়ার একা নন, টিম ইন্ডিয়ার অধিনায়ক হওয়ার দৌড়ে আরও ৪ প্লেয়ার
উল্লেখ্য, সালটা 2024 এর 30 এপ্রিল। সে বছরই ভারতীয় নৌসেনার প্রধানের পদ পেয়েছিলেন অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। এরপর থেকে একাধিক মিশনে ভারতের স্বার্থকে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। গত বছরের অপারেশন সিঁদুরের সময়ও শক্ত হাতে জলপথে শত্রু রুখতে বড় ভূমিকা ছিল তাঁর। চলতি মাস শেষ হওয়ার সাথে সাথেই ভারতীয় নৌসেনায় মেয়াদ ফুরচ্ছে ত্রিপাঠির।










