সহেলি মিত্র, কলকাতা: যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর ভারতীয় রেল (Indian Railways)। সম্প্রতি ঘটা কিছু ঘটনার তদন্ত করতে নেমে কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন রেল আধিকারিকরা। একই ভুলের কারণে ভবিষ্যতে যাতে ফের দুর্ঘটনা না ঘটে সেজন্যই তদন্ত শুরু করেছিলেন কর্তারা। বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে দুর্ঘটনার পিছনে রয়েছে প্রযুক্তিগত ত্রুটি।
প্রযুক্তিগত ত্রুটির অর্থ?
আসলে একটা রেক তৈরির জন্য দরকার বহু রকমের যন্ত্রাংশ (Train Parts) বা পার্টস। সেই যন্ত্রের কোথাও যদি গলদ থেকে যায়, তাহলে দুর্ঘটনার ঘটনার সমূহ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বেশ কিছু দুর্ঘটনার কারণ ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ। কারা এই ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ তৈরি করেছিলেন সেটা জানার চেষ্টা করেছিলেন রেল কর্তারা। উৎস খুঁজতে গিয়েই নজরে পড়ে নতুন সমস্যা। যন্ত্রাংশের ওপর প্রস্তুতকারক কোম্পানির নামটাই স্পষ্টভাবে লেখা নেই! ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ রেলকে সরবরাহ করেছিল সেটাও জানার কোনো উপায় এখন আর নেই। আগামী দিনে যাতে সেই উপায় থাকে, সে জন্য কড়া ব্যবস্থা নিয়েছে ভারতীয় রেল।
কী জানাল রেল?
রেলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এবার এবার থেকে যন্ত্রাংশের ওয়ারেন্টি এবং চিহ্নিতকরণ সংক্রান্ত নিয়মকানুন আরও জোরদার করা হচ্ছে। চিহ্নিতকরণ করার পদ্ধতি নিশ্চিত করা হলে কোনো যন্ত্রাংশ ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে তার উৎপাদকের সন্ধান পাওয়া হবে অনেক সহজ। রেলওয়ে ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (আরডিএসও) সমস্ত জোনাল রেলওয়ে, ওয়াগন প্রস্তুতকারক এবং পরিদর্শন সংস্থাগুলোকে তাদের এই পদক্ষেপের কথা ইতিমধ্যে জানিয়েছে বলে খবর।
আরও পড়ুন: Big Billion Days-র আগেই সস্তা স্মার্টফোন, ফ্লিপকার্টের আর্লি বার্ড ডিলে মিলছে ধামাকা অফার
নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ভারতীয় রেলওয়েকে সরবরাহ করা প্রতিটি যন্ত্রাংশে প্রস্তুতকারকের নাম, কোড, ব্যাচ নম্বর, উৎপাদনের মাস ও বছর সহ অন্যান্য জরুরি তথ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং অবশ্যই আরডিএসও (RDSO) মানদণ্ড কঠোরভাবে মেনে চলতে হবে। কাপলার, ড্রাফট গিয়ার, ব্রেক, স্প্রিং, সাইড বেয়ারার, অ্যাডাপ্টার, ব্রেক বিম, বগি-সহ জরুরি যন্ত্রাংশের ওপর কড়া নজর রাখবে রেল।










