মিনিটে হবে ১.৫ লক্ষ টিকিট বুকিং, নতুন ওয়েবসাইট লঞ্চ করল IRCTC

Published:

IRCTC New Website

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেলে যাতায়াতকারী লক্ষ লক্ষ যাত্রীদের জন্য বিরাট সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ IRCTC-র নতুন ওয়েবসাইট (IRCTC New Website) লঞ্চ করা হল। রেলের দাবি, এই নতুন এবং উন্নত প্ল্যাটফর্মটিতে যাত্রীরা আরও দ্রুত টিকিট বুকিং করতে পারবে, এবং উন্নত অভিজ্ঞতা পাবে। আগের ওয়েবসাইট তুলনায় এই নতুন ওয়েবসাইট বিশেষভাবে আপগ্রেড করা হয়েছে। এমনকি তৎকাল বুকিং-র ঝক্কি কমবে বলেই দাবি বিশেষজ্ঞদের।

লঞ্চ হল IRCTC-র নতুন ওয়েবসাইট

আগে থেকেই জানানো হয়েছিল যে আগামী ১৫ জুলাই আইআরসিটিসি তাদের নতুন ওয়েবসাইট লঞ্চ করবে। সেই মতোই আজ তা লাঞ্চ হয়েছে। তবে নতুন ওয়েবসাইটের সবথেকে বড় বিষয় এর ট্রাফিক সামলানোর ক্ষমতা। রেলের সূত্র অনুযায়ী খবর, এই প্ল্যাটফর্মটি এখন প্রতি মিনিটে দেড় লক্ষের বেশি টিকিট বুকিং করতে সক্ষম, যা বর্তমানের থেকে প্রায় পাঁচগুণ বেশি। আগের সিস্টেমটিতে প্রতি মিনিটে মাত্র ৩২ হাজার টিকিট বুকিং হত। এর ফলে যাত্রীদের টিকিট বুকিং-র ক্ষেত্রে দুর্ভোগ অনেকটাই দূর হবে বলেই মত বিশেষজ্ঞদের।

পাশাপাশি প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের ব্যাকএন্ড আগের থেকে আরও শক্তিশালী করা হয়েছে। এখন প্রতি মিনিটে ৪০ লক্ষের বেশি মানুষ বিভিন্ন তথ্য অনুসন্ধান করতে পারবে। আগের সিস্টেমে যেখানে মাত্র ৪ লক্ষ অনুসন্ধান সামলানো যেত। এমনকি পেমেন্ট ফেইলড বা বুকিং-র ত্রুটিগুলিও কমবে নতুন এই ওয়েবসাইটে। পাশাপাশি নতুন ওয়েবসাইটে আরও বেশ কিছু উন্নত ফিচার্স যুক্ত করা হয়েছে। যাত্রীরা এখন টিকিট বুক করার সময় তাদের পছন্দের আসন খুব সহজেই বেছে নিতে পারবে। এমনকি একটি ফেয়ার ক্যালেন্ডার ফিচার্স যুক্ত করা হয়েছে, যা যাত্রীদের টিকিট বুক করার আগে বিভিন্ন তারিখের ভাড়া তুলনা করে দেখাবে।

আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কিনলে দিতে হবে না ৫০০% শুল্ক, সুর নরম ট্রাম্পের, স্বস্তি ভারতের

এদিকে নতুন ওয়েবসাইটে একাধিক ভারতীয় ভাষার সাপোর্ট রয়েছে। যার ফলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ খুব সহজেই ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুক করতে পারবে। এছাড়া ছাত্র-ছাত্রী, প্রতিবন্ধী ব্যক্তি বা রোগীদের জন্য টিকিটের ছাড়ের বিষয়টি এখন আরও স্পষ্ট ভাবে দেখানো হচ্ছে। বিশেষ করে ওয়েবসাইটের ইন্টারফেসটি আগের তুলনায় আরও স্পষ্ট এবং আপডেট করা হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় বিজ্ঞাপন, ব্যানার বা বারবার ক্যাপচা যাচাইকরণের সমস্যা থেকেও মুক্তি পাবে লক্ষ লক্ষ যাত্রী।