ভারতে তৈরি হবে রেলের চাকা-অ্যাক্সেল, ইতালির সংস্থার সাথে গাঁটছড়া জুপিটার ওয়াগন্সের

Published:

Jupiter Wagons and Lucchini RS partnership

অনন্যা সরকার, কলকাতা: ভারতের বিখ্যাত ইঞ্জিনিয়ারিং ও রেল সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি জুপিটার ওয়াগন্স লিমিটেড (Jupiter Wagons Limited) মঙ্গলবার ঘোষণা করেছে যে, তারা ভারতীয় রেলের (Indian Railways) জন্য একটি সমন্বিত রেল হুইল প্রোডাকশন প্ল্যাটফর্ম তৈরির উদ্দেশ্যে ইতালির লুচিনি আরএস এস.পি.এ. (Lucchini RS S.p.A.)-এর সাথে একটি কৌশলগত অংশীদারিত্বে প্রবেশ করেছে। কোম্পানি জানিয়েছে যে, এই পার্টনারশিপের মূল লক্ষ্য হল যৌথভাবে রেলওয়ের চাকা, অ্যাক্সেল এবং হুইলসেট তৈরি করা। এর মধ্যে কাঁচামাল প্রক্রিয়াকরণ থেকে শুরু করে প্রস্তুত পণ্য পর্যন্ত সম্পূর্ণ ভ্যালু চেইন (Value Chain) অন্তর্ভুক্ত থাকবে।

রেল সরঞ্জাম উৎপাদনে ভারত-ইতালির যৌথ প্রয়াস

জুপিটার ওয়াগন্স তাদের একটি বিবৃতিতে জানিয়েছে যে, নতুন এই চুক্তির অধীনে জুপিটার টাট্রাভাগোনা রেলহুইল ফ্যাক্টরি প্রাইভেট লিমিটেডের (Jupiter Tatravagonka Rail Wheel Factory) ১৫ শতাংশ শেয়ার অধিকার করবে লুচিনি আরএস। ইতালি সরকারের অধীনস্থ আর্থিক প্রতিষ্ঠান সিমেস্ট এস.পি.এ. (SIMEST S.p.A) ১০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে। দুই  সংস্থার এই সম্মিলিত ২৫ শতাংশ শেয়ারের মূল্য হল প্রায় ২৮ মিলিয়ন ইউরো, ভারতীয় মুদ্রায় যা ৩০৭ কোটি টাকার সমান। 

আরও পড়ুন: কৃষ্ণনগর, করিমপুর-ইসলামপুর হয়ে মুর্শিদাবাদ পর্যন্ত নতুন রেললাইন, নবান্নে গেল প্রস্তাব

কোম্পানি বিবৃতিতে এও জানিয়েছে যে, ছত্রপতি সম্ভাজিনগরে অবস্থিত জুপিটার টাট্রাভাগোনা রেলহুইল ফ্যাক্টরির বর্তমান কারখানাটিকে ওড়িশায় তৈরি হওয়া গ্রিনফিল্ড ম্যানুফ্যাকচারিং কমপ্লেক্সের সঙ্গে সংহত করা হবে। এই কমপ্লেক্সেই থাকবে ফোর্জিং, মেটালার্জি এবং রেল  হুইল তৈরির সুবিধা। জুপিটার ওয়াগন্স-এর ম্যানেজিং ডাইরেক্টর বিবেক লোহিয়া বলেন, ভারতে একটি বিশ্বমানের রেলহুইল উৎপাদন পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে লুচিনি আরএস-এর সাথে এই পার্টনারশিপ তাদের কাছে একটি মাইলফলক স্বরূপ। তাঁর কথায়, এই অংশীদারিত্বের মাধ্যমে অত্যাবশকীয় যন্ত্রাংশের জন্য ভারতীয় রেলওয়ের আত্মনির্ভরতা অনেক বাড়বে। 

আরও পড়ুন: রাস্তায় কমবে ট্রাকের ঝঞ্ঝাট, বাড়বে ব্যবসা! মাস্টারস্ট্রোক ভারতীয় রেলের

এর পাশাপাশি, লুচিনি আরএস-এর চেয়ারম্যান জিউসেপ্পে লুচিনি জানিয়েছেন যে, এই পার্টনারশিপ ভারতীয় বাজারে তাঁর কোম্পানির একটি সুসংগঠিত উপস্থিতি গড়ে তুলতে সাহায্য করবে। জুপিটার ওয়াগন্স, লুচিনি আরএস এবং সিমেস্ট-এর মধ্যে এই অংশীদারিত্বের মাধ্যমে গড়ে ওঠা সমন্বিত প্লাটফর্মে রেলের চাকা, অ্যাক্সেল এবং হুইলসেট তৈরি করা হবে। এর মধ্যে ছত্রপতি সম্ভাজিনগরের বর্তমান ইউনিটটি এবং ওড়িশায় নির্মীয়মান নতুন কমপ্লেক্সটিকে একত্রিত করা হবে।