বিক্রম ব্যানার্জী, কলকাতা: গ্রীষ্মের দাবদাহে জীবন যেন অষ্টাগত আমজনতার (Pradhan Mantri Surya Ghar Muft Bijli Yojana)। বিশেষ করে গরমের দিনগুলিতে ফ্যান, এসি, ফ্রিজের মতো জিনিসের ব্যবহার বেশি হওয়ায় মাসের শেষে ইলেকট্রিক বিল বাবদ গাদা গুচ্ছের অর্থ খরচ করতে হয় আমজনতাকে। তাতে আর্থিক দিক থেকে বেশ সমস্যায় পড়েন অনেকেই। তবে এই খরচ বাঁচাতে পারে সোলার প্যানেল (Solar Panel)। তার উপর কেন্দ্রীয় সরকারের পিএম সূর্য ঘর যোজনার অধীনে বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে 78 হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যায়। এক কথায়, ইলেকট্রিক বিল শূন্যতে নামিয়ে আনার পাশাপাশি নিজেদের গাঁটের কড়িও বাঁচাতে পারবেন আপনি। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রকল্প নিয়েই এক শিবিরের আয়োজন করা হয়েছিল মুঙ্গেরে। সেখানেই স্বতঃস্ফূর্তভাবে এই প্রকল্পে নাম লিখিয়েছেন অনেকেই।
সোলার প্যানেল লাগাবেন আপনি, টাকা দেবে সরকার!
বহু আগেই কেন্দ্রীয় সরকারের তরফে দেশের 1 কোটিরও বেশি পরিবারকে সোলার প্যানেল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মূলত পিএম সূর্য ঘর যোজনার অধীনে বাড়ির ছাদে সোলার প্যানেল লাগিয়ে 78 হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যায়। এক্ষেত্রে বলে রাখি, মূলত সোলার সিস্টেমের ক্ষমতার উপর নির্ভর করে ভর্তুকির অর্থ। অর্থাৎ কেউ যদি 1 কিলো ওয়াটের সোলার প্যানেল বাড়িতে বসান সে ক্ষেত্রে তাঁকে 30 হাজার টাকা ভর্তুকি হিসেবে দেওয়া হবে। এরপর 2 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন প্যানেল বসালে 60 হাজার টাকা এবং 3 কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল বাড়ির ছাদে বসালে 78 হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেয় সরকার।
বলাই বাহুল্য, 2024 সালের ফেব্রুয়ারিতে চালু হওয়া কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার অধীনে 1 কোটি পরিবারের বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানোর মধ্য দিয়ে প্রত্যেক পরিবারের 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নিয়েছিল কেন্দ্রীয় সরকার। এছাড়াও অতিরিক্ত বিদ্যুৎ খরচ নেট মিটারিং এর মাধ্যমে বিক্রি করার কথা বলা হয়। তাছাড়াও 75,000 টাকা পর্যন্ত ভর্তুকি তো রয়েছেই। তবে এককালীন সোলার প্যানেল বসাতে যে অর্থ খরচ তার বাকি টাকা তুলতে ব্যাঙ্ক অফ বরোদা সহ বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে লোন নিতে পারেন আপনি।
বলে রাখি, সোলার প্যানেলের জন্য বার্ষিক 5.75 শতাংশ সুদের হারে 2 লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া যায়। তবে গ্রাহক যদি এর থেকে বেশি সুদ দিতে চান তবে 6 লাখ টাকা পর্যন্ত লোন দেয় ব্যাঙ্ক। এর জন্য ব্যাঙ্ক অফ বরোদা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে লোন তোলার বিশেষ সুবিধা রেখেছে। এক্ষেত্রে কিছু বন্ধক না রেখেই শুধুমাত্র নিজের স্যালারি স্লিপ দেখিয়ে কয়েক মিনিটেই লোন পেতে পারেন আপনি।
অবশ্যই পড়ুন: ‘ভারত সিন্ধুর জল বন্ধ করায় হাহাকার, রাষ্ট্রপুঞ্জে কাকুতিমিনতি পাকিস্তানের
এই লোনের জন্য একজন ব্যক্তির ন্যূনতম বয়স হতে হবে 21 বছর। একই সাথে তাঁর নিজের নামে ছাদ দেওয়া বাড়ি থাকতে হবে। একই সাথে আবেদনকারীর সিভিল স্কোর হতে হবে 680 বা তারও বেশি। এছাড়াও প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড, প্যান কার্ড, মোবাইল নম্বর, এবং সোলার ভেন্ডার এর কাছ থেকে কোটেশন নিয়ে জমা দিলেই অনলাইনে পাওয়া যায় লোন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার আওতায় সোলার প্যানেলের জন্য ভর্তুকি পেতে প্রথমে pmsuryaghar.gov.in অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন এবং লগইন করার পর বাড়ির বিদ্যুতের বিল, আধার কার্ড, ব্যাঙ্কের যাবতীয় তথ্য সহ প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে আবেদন করা যাবে।










