SIR-র প্রতিবাদ সংসদ অভিযান মিছিল, দিল্লিতে আটক রাহুল-সোনিয়া গান্ধীসহ অভিষেকরা

Published:

Delhi Protest

সৌভিক মুখার্জী, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের উত্তাল রাজধানী (Delhi Protest)। এসআইআর-র প্রতিবাদে পার্লামেন্ট থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন ইন্ডিয়া ব্লকের সাংসদরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খর্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক-সহ একাধিক সাংসদরা মঙ্গলবার সকাল ১১টা নাগাদ এই অভিযান শুরু করেন। তবে সংসদ অভিমুখে যাওয়া মাত্রই একের পর এক এমপিকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ বহু সাংসদকে আটক করে পুলিশ।

দিল্লিতে আন্দোলন রাহুলদের

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল গোটা দেশ। ককরোচরা আগামী ১০ অক্টোবর যন্তরমন্তর ২.০ আন্দোলনের ডাক দিয়েছে দিল্লিতে। তার আগেই ইন্ডিয়া জোটের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আজ অর্থাৎ ৬ অক্টোবর সংসদ অভিযানের ডাক দিয়েছেন বিরোধীরা। এদিন আন্দোলনে সামিল হতে দেখা যায় রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খর্গে, অখিলেশ যাদব, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের। তবে সংসদ পর্যন্ত পৌঁছতেই তাঁদের আটক করে নেয় দিল্লি পুলিশ।

আজ কমিশনের ভবন থেকে ২০০ মিটার দূরে আটকে দেওয়া হয় মিছিল। এমনকি সমাজবাদী পার্টির সাংসদরা ব্যারিকেডে পর্যন্ত উঠে পড়েন। তবে কমিশন পর্যন্ত পৌঁছতে না পেরে রাহুলরা নীতি আয়োগের সামনেই বসেন ধর্নায়। বেশ কয়েকজনকে ব্যারিকেডের উপরে বসতে দেখা যায়। এমনকি ব্যারিকেডে এক সময় রাহুল গান্ধী নিজেও চড়ে বসেন। তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাজ্যসভার দুই তৃণমূল সাংসদ ডেরেক এবং রাজীব কুমারও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: “স্লিপ কেড়ে নিচ্ছে বিজেপির লোকজন” ভোট না দিয়ে বাড়ি ফিরলেন নন্দীগ্রামের মহিলারা

এদিকে দিল্লি পুলিশ আগে থেকেই ওই এলাকা মুড়ে ফেলে কড়া নিরাপত্তায়। মিছিল চলাকালীন বিরোধী সাংসদরা এদিন ‘ভোট চোর’ বলে জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করতে থাকেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন যে, বাংলাসহ বিভিন্ন রাজ্যে ভোট চুরি হয়েছে। এসআইআর করে ভোটাধিকার কাড়া হয়েছে। তবে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বিক্ষোভ চলাকালীন একে একে বিরোধী সাংসদদের আজ বাসে তুলতে শুরু করে পুলিশ। যদিও রাহুল, প্রিয়াঙ্কাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়নি। সোজা তাঁরা আকাশবাণী ভবনের দিকে চলে যান।

google button