“স্লিপ কেড়ে নিচ্ছে বিজেপির লোকজন” ভোট না দিয়ে বাড়ি ফিরলেন নন্দীগ্রামের মহিলারা

Published:

Nandigram

সৌভিক মুখার্জী, কলকাতা: কমিশনের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ অর্থাৎ ৬ অক্টোবর নন্দীগ্রাম (Nandigram) এবং রেজিনগরে চলছে উপনির্বাচন। আগামী ৮ অক্টোবর ফলপ্রকাশ। তবে সকাল থেকেই উত্তপ্ত হেভিওয়েট এই দুই বিধানসভা কেন্দ্র। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগে আটক করা হয়েছে আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরকে। এদিকে রেজিনগরের বিজেপি প্রার্থী শাখারভ সরকারকে বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। এমনকি নন্দীগ্রামে ভোট লুট হচ্ছে বলেও দাবি করেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। তবে নন্দীগ্রামে এবার বিজেপির কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন মহিলারা।

ভোটের স্লিপ কেড়ে নিচ্ছে বিজেপির লোকজন

নন্দীগ্রামের সুভানি চকে ভোটার স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এমনকি বেশ কিছু মহিলা ভোট না দিয়েই ফিরে গিয়েছেন বলে দাবি। এদিন সকাল থেকেই উত্তপ্ত নন্দীগ্রামের সুভানি চক এলাকা। অভিযোগ উঠছে, একাধিক মহিলা ভোটার কেন্দ্র থেকে ভোট না দিয়েই বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছেন। জোরপূর্বক তাদের ভোটার স্লিপ কেড়ে নেওয়া হচ্ছে। এমনকি ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরেই তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলেন বেশ কয়েকজন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, “আমার স্লিপ নিয়ে নিয়েছে। বিজেপির লোকজন এসব কাজ করছে। তাই ভোট দিতে পারিনি। ভোটকেন্দ্রের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাইরে থেকে বিজেপির পোলিং এজেন্ট জোরপূর্বক আমাদের থেকে স্লিপ কেড়ে নিচ্ছে।” যদিও কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ভোটগ্রহণ চলাকালীন একাধিক অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানিয়েছেন বলেই খবর। তাঁর দাবি, এই বিধানসভায় ভোট লুট করছে বিজেপি।

আরও পড়ুন: SIR-র প্রতিবাদ সংসদ অভিযান মিছিল, দিল্লিতে আটক রাহুল-সোনিয়া গান্ধীসহ অভিষেকরা

অভিযোগ, ভেরুতিয়া এলাকায় ২৮ এবং ২৯ নম্বর বুথে ভোটারদের জোর করে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদের হয়ে বহিরাগতদের ভোট দেওয়ার অভিযোগ তোলা হচ্ছে। এমনকি প্রকৃত ভোটারদের ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে ৯৬ নম্বর বুথে। এর পাশাপাশি আমদাবাদ-২ অঞ্চলের কামালপুরের ১৬৭ নম্বর বুথে ভোটারদের পথেই বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন কংগ্রেস প্রার্থী। তবে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ উঠলেও তা উড়িয়ে দিয়েছে পদ্ম শিবির।

google button