পেনশন প্রাপকদের সুখবর শোনাল রেল

Published:

Railway employee

সহেলি মিত্র, কলকাতাঃ সুখবরের পর সুখবর। রেল কর্মীদের (Railway Employee) জন্য রইল দারুণ সুখবর। বাড়ল ভাতা। রেলওয়ে পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে। রেল মন্ত্রক ঘোষণা করেছে যে পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (DR) ৫৮% থেকে বাড়িয়ে ৬০% করা হয়েছে। আর এই বৃদ্ধি ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হবে। এর অর্থ হল, পেনশনভোগীরা এখন থেকে আগের চেয়ে বেশি মাসিক পেনশন পাবেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

ডিআর বাড়ল রেল কর্মীদের

সরকারের তরফে এই ভাতা বৃদ্ধির নির্দেশিকাটি ৭ মে ২০২৬ সালে জারি করা হয়েছিল। পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগ (ডিওপিপিডব্লিউ) এর বাস্তবায়ন অনুমোদন করে একটি অফিস মেমোরেন্ডামও জারি করেছে। মহার্ঘ্য ত্রাণ হল মুদ্রাস্ফীতির প্রভাব কমানোর জন্য পেনশনভোগীদের দেওয়া একটি অতিরিক্ত অর্থ। মুদ্রাস্ফীতি বৃদ্ধির সাথে সাথে, পেনশনভোগীদের ক্রয়ক্ষমতা যাতে প্রভাবিত না হয়, তা নিশ্চিত করতে সরকার পর্যায়ক্রমে ডিআর বৃদ্ধি করে। এবার, সপ্তম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি সূত্র অনুযায়ী সরকার ডিআর ২% বৃদ্ধি করেছে। এদিকে জানুয়ারি থেকে লাগু হওয়ার দরুণ কর্মীরা অতিরিক্ত ৫ মাসের বকেয়া পাবেন।

প্রতি মাসে কত টাকা মিলবে?

ডিআর বৃদ্ধির পর, প্রত্যেক পেনশনভোগীর মাসিক আয় তাদের মূল পেনশনের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হারে বাড়বে। মূল পেনশন যত বেশি হবে, সুবিধার পরিমাণও তত বেশি হবে। সহজ কথায়, যদি কোনো রেল পেনশনভোগীর মূল পেনশন ১০,০০০ টাকা হয়, তবে তিনি আগে ৫৮% ডিআর (DR)-এর ভিত্তিতে ১৫,৮০০ টাকা পেতেন। এখন, ৬০% ডিআর (DR)-এর ফলে তিনি ১৬,০০০ টাকা পাবেন। কারোর যদি ২০,০০০ টাকা বেসিক বেতন হয়, তবে তিনি আগে ৫৮% ডিআর (DR)-এর ভিত্তিতে ৩১,৬০০ টাকা পেতেন তাহলে ৬০% ডিআর বৃদ্ধির পর এখন সে ৩২,০০০ টাকা পাবে। কারোর যদি ৩০,০০০ টাকা মূল বেতন হয় তবে তিনি আগে ৫৮% ডিআর (DR)-এর ভিত্তিতে ৪৭,০০০ টাকা পেতেন তাহলে এখন ৬০% বৃদ্ধির পড়ে ৪৮,০০০ টাকা পাবেন। একইভাবে, অন্যান্য পেনশনভোগীরাও আনুপাতিক হারে বর্ধিত অর্থ পাবেন।

আরও পড়ুনঃ এই মহিলারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা! সাফ জানিয়ে দিল সরকার

সরকারের মতে, এই বৃদ্ধির ফলে সারাদেশের লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। এই সিদ্ধান্তের ফলে আনুমানিক ৫০.৪৬ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮.২৭ লক্ষ পেনশনভোগী লাভবান হবেন। এই সিদ্ধান্তের মোট বার্ষিক আর্থিক বোঝা আনুমানিক ৬,৭৯১.২৪ কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। মুদ্রাস্ফীতির প্রভাব প্রশমিত করতে এবং প্রবীণ নাগরিকদের স্বস্তি দিতে সরকার এই ব্যয়ভার বহন করবে।