সহেলি মিত্র, কলকাতাঃ কবে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)? কবে থেকে বাংলার মা বোনেরা প্রতি মাসে ৩০০০ টাকা করে পেতে শুরু করবেন? এই প্রশ্ন সকলের। তবে এবার সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন কবে থেকে এই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। সেইসঙ্গে এই টাকা পেতে কার কী যোগ্যতা প্রয়োজন সেটা নিয়ে এবার বড় মন্তব্য করতে শোনা গেল মন্ত্রী অগ্নিমিত্রা পলকে (Agnimitra Paul)। তিনি জানালেন, সবাই কিন্তু এই টাকা পাবেন না। চলুন বিশদে জেনে নিন।
এই মহিলারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা!
মন্ত্রী অগ্নিমিত্রা পল বলেন, ‘একজন মহিলার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। মহিলাদের নিরাপত্তার জন্য ৩০০০ টাকার অন্নপূর্ণা ভাণ্ডার পরিকল্পনা, ক্ষমতায়ন সবকিছুই এই দফতরের অন্তর্ভুক্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে ১ জুন থেকে প্রতিটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ৩০০০ টাকা জমা হবে।’ যদিও SIR তালিকা থেকে কোনও মহিলার নাম বাদ গিয়ে থাকলে সে সেই টাকাটা পাবেন না বলে সাফ জানিয়ে দেন মন্ত্রী। অর্থাৎ যোগ্য নয়, এমন কাউকে টাকা দেওয়া হবে না।
তিনি আরও জানান, “সবাই পাবেন। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেওয়ার আগে, ১ জুন…মুখ্যমন্ত্রী বলেছেন, ১ জুন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু, তার আগে আমরা একটা অ্যানালিসিস করতে চাই, যাদের যাদের নাম কাটা গেছে তাঁরা যদি কেউ পান তাহলে তো তাঁদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন, তাঁর পাওয়ার কথা নয়। যিনি আমাদের দেশের নাগরিক নন, তাঁর পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসিটা হবে, যাদের যাদের নাম কাটা গেছে তাঁদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। তাঁদের নাম বাদ যাবে।” ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচারের সময়ে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে বাংলায় ক্ষমতায় এলে দল মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে দেবে। বিশিষ্ট মহলের মতে, এই ঘোষণা বিজেপির ক্ষেত্রে অনেকটাই ভোট ফ্যাক্টর হয়েছে। এছাড়াও আরও অন্যান্য বিষয় তো আছেই।
আরও পড়ুনঃ মায়াপুর যাওয়া আরও সহজ, দুই জোড়া ট্রেনের ঘোষণা রেলের, জানুন সময়সূচি
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প কি?
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটি হল পশ্চিমবঙ্গে বিজেপির প্রস্তাবিত একটি নারী কল্যাণমূলক উদ্যোগ, যা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সরকারের চালু করা পূর্ববর্তী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিবর্তে আনা হয়েছে। প্রস্তাবিত এই প্রকল্পের অধীনে, রাজ্যের যোগ্য মহিলারা প্রতি মাসে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পেতে পারেন। অর্থাৎ প্রাক্তন তৃণমূল সরকারের আগের প্রকল্পের অধীনে প্রদত্ত অর্থের প্রায় দ্বিগুণ। এই প্রকল্পের লক্ষ্য হলো নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের নারীদের আর্থিক সহায়তা প্রদান করা। পূর্ববর্তী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে, সাধারণ শ্রেণীর নারীরা প্রতি মাসে ১,৫০০ টাকা পেতেন, আর তফসিলি জাতি ও তফসিলি উপজাতি পরিবারের মহিলারা প্রতি মাসে ১,৭০০ টাকা পেতেন।










