বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত 15 আগস্ট, গোটা দেশে স্ব-গৌরবে পালিত হয়েছে 80 তম স্বাধীনতা দিবস (Independence Day )। আর সেই দিনই দক্ষিণ ভারতের কেরলম (Kerala) রাজ্যের ত্রিশূরে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে না পারায় ছাত্র-ছাত্রীদের পাকিস্তানে যাওয়ার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে স্কুল (School) মালিকের বিরুদ্ধে। তাঁর বক্তব্য, এই ধরনের শিশুরা ভারতে বসবাস করার যোগ্য নয়। আর এমন মন্তব্য প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে বিতর্ক।
ঠিক কী ঘটেছিল?
ত্রিশূরের মালায় অবস্থিত ডঃ রাজু ডেভিস ইন্টারন্যাশনাল স্কুলে গত 15 আগস্ট স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। তবে এদিন অর্ধেকের বেশি অভিভাবক তাঁদের ছেলে-মেয়েদের স্কুলে পাঠাননি। আর তাতেই রেগে অগ্নি শর্মা স্কুলের মালিক ডঃ রাজু ডেভিস। জানা গিয়েছে, ছাত্র-ছাত্রীরা স্বাধীনতা দিবসে স্কুলে না যাওয়ায় ওই বিদ্যালয়ের কর্ণধার রাজু স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়ুয়াদের অভিভাবকদের নিশানা করে নানান মন্তব্য করেন।
পড়ুয়া এবং পড়ুয়াদের অভিভাবকদের কটাক্ষ করে ওই স্কুলের মালিক বলেন, “এই অনুষ্ঠান আয়োজন না করে আমি গোটা টাকাটাই আত্মসাৎ করতে পারতাম। কিন্তু আমি সেটা করিনি। কারণ আমি চেয়েছিলাম আমাদের সন্তানরা বুঝুক, কেন গোটা দেশে স্বাধীনতা দিবস উদযাপিত হয় এবং এর তাৎপর্য কতটা।”
এদিন একপ্রকার রেগে গিয়েই রাজু ডেভিস বলেন, “অর্ধেকের বেশি অভিভাবক তাঁদের সন্তানদের স্বাধীনতা দিবসে স্কুলে পাঠাননি। আমি আগামীকাল তাঁদের কাউকে স্কুলে ঢুকতে দেবো না। তাঁদের আমার সাথে দেখা করে স্কুলে না আসার কারণ জানাতে হবে। এই জিনিসটা অত্যন্ত খারাপ। এই শিশুদের পাকিস্তানের মতো দেশে চলে যাওয়া উচিত। এখানে থাকার তাঁদের কোনও অধিকার নেই।”
View this post on Instagram
আরও পড়ুন: বারবার হবে না খারাপ, পিচ হটিয়ে কংক্রিট ব্লক বসছে সল্টলেক সহ বিধাননগরের রাস্তায়
স্কুল মালিকের মন্তব্যের পরই বিক্ষোভ দেখালেন ছাত্র যুবরা!
ত্রিশূরের ওই বেসরকারি স্কুলের মালিক ডেভিসের মন্তব্য ঘিরে বিতর্ক বাড়তেই তার বিরোধিতা করে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া এবং কংগ্রেস দলের ছাত্র সংগঠন কেরালা স্টুডেন্টস ইউনিয়ন। শুধু তাই নয়, শেষ পর্যন্ত ওই স্কুল মালিকের বাড়ির সামনেও বিক্ষোভ দেখান ছাত্র যুবরা। সেখানেই উপস্থিত ছিলেন কংগ্রেসের ছাত্র সংগঠনের সদস্যরা। যদিও শেষ পর্যন্ত চাপের মুখে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের কাছে ক্ষমা চেয়েছেন ওই স্কুলের শিক্ষক।










