বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজ, 2 মে স্মার্টফোনে হঠাৎ বেজে উঠতে পারে সাইরেন (Siren On Phone)। তাতে অবশ্য ঘাবড়ে যাওয়ার কিছু নেই। জানা যাচ্ছে, জরুরী পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে এবং ভবিষ্যতে কোনও বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় বা দুর্যোগ দেখা দিলে তার আগে দেশবাসী যাতে সতর্ক হয়ে যান সে জন্যই এক বিশেষ মকড্রিল চালাবে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আসলে এর মধ্যে দিয়ে গোটা দেশজুড়ে সেল ব্রডকাস্ট অ্যালার্ট সিস্টেমকে ঝালিয়ে নেওয়া হবে।
কখন হবে এই মকড্রিল?
ডিডি নিউজের এক রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ শনিবার দিল্লি এনসিআর, দিল্লির সীমান্তবর্তী অঞ্চল সহ নির্বাচনমুখী রাজ্য বাদ দিয়ে দেশের প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মানুষের স্মার্টফোনে আগাম সতর্কতা বাবদ একটি সাইরেন বেজে উঠবে। বিশেষজ্ঞরা বলছেন, মকড্রিল চলাকালীন প্রত্যেকের স্মার্টফোন কাঁপতে শুরু করবে। শুধু তাই নয়, বাজতে পারে সাইরেন এবং অ্যালার্মও। পাশাপাশি বেশ কিছুক্ষণের জন্য স্মার্টফোনের ডিসপ্লে কাজ করা বন্ধ করে দেবে। তবে এতে চিন্তার কিছু নেই। মকড্রিল পর্ব মিটে গেলেই আবার আগের অবস্থায় ফিরে আসবে আপনার ফোন। তবে শনিবার ঠিক কখন স্মার্টফোনে এই সাইরেন বাজবে সেই সময় জানা যায়নি।
ঠিক কোন কারণে এই মকড্রিল?
গোটা দেশজুড়ে হতে যাওয়া বিশেষ মকড্রিল নিয়ে কেন্দ্রীয় সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রত্যেকের স্মার্টফোনে উচ্চ কম্পন অনুভূত হতে পারে। বাজতে পারে সাইরেন। তবে এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এটা মূলত একটি পরীক্ষামূলক বার্তা। ভবিষ্যতে বড়সড় দুর্যোগ বা বিপর্যয় দেখা দিলে দেশব্যাপী সেল ব্রডকাস্ট অ্যালার্ট সিস্টেমটি ঠিকঠাক কাজ করে কিনা সেটাই একবার পরীক্ষা করে দেখা হবে এই মহড়ার মধ্যে দিয়ে।
অবশ্যই পড়ুন: বাংলায় শীঘ্রই ছুটবে বুলেট ট্রেন? জমি সমস্যার সমাধানে রেলের বড় পদক্ষেপ
ওই কর্মকর্তা এও জানিয়েছেন, এই বিশেষ মহড়ার মধ্যে দিয়ে দেশবাসীকে ভবিষ্যতের কঠিন পরিস্থিতির জন্য একদিক থেকে সতর্ক করা হবে। তবে এই বিশেষ সতর্কবার্তার মধ্যে দিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত করতে চায়না সরকার। তাই ফোন সাইরেন বেজে উঠলে অযথা আতঙ্কিত হয়ে না পরার পরামর্শ দেওয়া হয়েছে।










