বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (CJP Protest)। ঠিক তার আগেই সাংবাদিক সম্মেলন করে দিল্লি পুলিশ জানিয়ে দিয়েছে, তারা ওই বিক্ষোভের অনুমতি দিচ্ছে না। একই সাথে দিল্লির অন্তত 57টি মেট্রো স্টেশনের প্রবেশ পথ এবং বেরোনোর পথ বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে পুলিশের তরফে। এবার তা নিয়েই বড় মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সূর্যকান্ত। তাঁর বক্তব্য, কিছু বিষয় প্রতিরোধের জন্য অবশ্যই সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। তার মানে এই নয় যে মাছি মারতে হাতুড়ি ব্যবহার হবে।
বড় মন্তব্য প্রধান বিচারপতির
শনিবার, দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ কর্মসূচির আগে সুপ্রিম কোর্টে চলা এক শুনানির সময় প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ সরকার এবং পুলিশের সর্তকতামূলক পদক্ষেপের উপর জোর দিলেও আদালত এও জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে হবে। এদিন শুনানির মাঝেই দিল্লির একের পর এক মেট্রো স্টেশনের এন্ট্রি এবং এক্সিট গেট বন্ধ করার বিষয় নিয়ে মন্তব্য করেন প্রধান বিচারপতি।
Bar And Bench এর রিপোর্ট অনুযায়ী, শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেন, “প্রত্যেক নাগরিকের জন্য আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি গ্রহণ করি, সেটা হল আনুপাতিকতার নীতি।” বিচারপতির বক্তব্য শুনে সলিসিটর জেনারেল তুষার মেহতা, এতে সম্মতি প্রকাশ করে বলেন, “একদম ঠিক।” এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একেবারে খোলাখুলি বলেন, “কিছু জিনিস আপনাকে থামাতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ করতে হয় করুন। কিন্তু তার মানে এই নয় যে মাছি মারতে হাতুড়ি ব্যবহার করতে হবে। এই নীতিটি অবশ্যই মনে রাখবেন।”
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বক্তব্যের পর সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, “আদালত এই বিবৃতিটিকে একটি দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছে। তবে এমনভাবে খবর করা উচিত হবে না যে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন মাছি মারতে হাতুড়ি ব্যবহার করা হচ্ছে।” এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারকে সতর্ক করে এও বলেছিলেন, “সতর্ক থাকুন। অত্যন্ত সতর্ক থাকুন। এতে সমস্যা নেই। আইন-শৃঙ্খলা রক্ষা করা আপনাদের দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব শুধুমাত্র সরকারি সম্পত্তি রক্ষা করার মধ্যে সীমাবদ্ধ নেই। জনগণকেও আপনাদের দেখতে হবে।”
আরও পড়ুন: পার্থিব প্যাটেলের ওপেনিং পার্টনার, ভারত ছেড়ে নিউজিল্যান্ডের হয়ে খেলে নিলেন অবসর
প্রধান বিচারপতির কথায়, “ছোট শিশু থেকে শুরু করে প্রবীর নাগরিক, রোগীরা এইসব জায়গা দিয়ে যাতায়াত করেন। তাদের নিরাপত্তা অপরিহার্য। যথাযথ পদক্ষেপ নিন তাতে কোনও সমস্যা নেই। তবে এটাও নিশ্চিত করুন যাতে সব কিছু স্তব্ধ না হয়ে যায়। যোগাযোগ ব্যবস্থা যেন থমকে না যায়।” সবমিলিয়ে, সরকারের পদক্ষেপের ফলে যাতে সাধারণ মানুষের সমস্যা না হয় সেটাই নিশ্চিত করতে বলেছে দেশের শীর্ষ আদালত।










