প্রথম মহিলা প্রধান বিচারপতি পাওয়ার পথে সুপ্রিম কোর্ট, কে হবেন নতুন CJI?

Published:

CJI

আনিষা চৌধুরী, কলকাতা: সুপ্রিম কোর্টে (Supreme Court) বর্তমানে বিচারপতির সংখ্যা ৩৭। সম্প্রতি তিন নতুন বিচারপতি শপথ নিয়েছেন। এই মুহূর্তে দেশের সর্বোচ্চ আদালতে নতুন অনুমোদিত ৩৮টি পদের মধ্যে আর মাত্র একটি পদ খালি রয়েছে। তবে এই ৩৭ জনের মধ্যে মহিলা বিচারপতির সংখ্যা মাত্র তিন। তাঁরা হলেন বিচারপতি বি ভি নাগরত্না (B.V. Nagarathna), বিচারপতি ভি মোহনা (V. Mohana) এবং সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি সুনীতা আগরওয়াল (Sunita Agarwal)।

প্রথম মহিলা CJI নিয়ে জল্পনা

৬ অক্টোবর বিচারপতি সুনীতা আগরওয়াল, বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি আপরেশ কুমার সিং সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন। তাঁদের নিয়োগের সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। এই তিন বিচারপতির যোগদানের ফলে শীর্ষ আদালতের কার্যকরী শক্তি বর্তমানে ৩৭-এ পৌঁছেছে। সদ্য নিয়োগপ্রাপ্ত বিচারপতি সুনীতা আগরওয়াল এর আগে গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন এবং বিচারপতি আপরেশ কুমার সিং ছিলেন তেলঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি।

বিচারপতি বি ভি নাগরত্না ২০২১ সালের ৩১ অগস্ট সুপ্রিম কোর্টে নিযুক্ত হন। চলতি বছরের জুনে সিনিয়র অ্যাডভোকেট ভি মোহনার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের পর মহিলা বিচারপতির সংখ্যা হয়েছিল দুই। এবার সুনীতা আগরওয়ালের যোগদানে সেই সংখ্যা বেড়ে তিন হল।

তবে এই তিনজনের মধ্যে ইতিহাস গড়ার সম্ভাবনা যাঁর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে বিদ্যমান, তিনি হলেন বিচারপতি বি ভি নাগরত্নার। সুপ্রিম কোর্টের বর্তমান সিনিয়রিটি অনুযায়ী, ২০২৭ সালে তিনি ভারতের প্রথম মহিলা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া (Chief Justice of India বা CJI) হতে পারেন। তবে সুপ্রিম কোর্টের সরকারি তথ্য বলছে, তাঁর অবসর নেওয়ার তারিখ ২৯ অক্টোবর ২০২৭। কাজেই বলাই বাহুল্য, CJI হিসেবে তাঁর মেয়াদ দীর্ঘ হবে না। প্রচলিত সাকসেশন অনুযায়ী বিচারপতি বিক্রম নাথের পর নাগরত্না CJI-এর দায়িত্বে আসার সম্ভাবনা রয়েছে এবং ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর ২০২৭ পর্যন্ত ওই পদে অবস্থান করতে পারেন। অর্থাৎ, ভারতের বিচারব্যবস্থার ইতিহাসে প্রথম মহিলা প্রধান বিচারপতি হওয়ার সুযোগ থাকলেও, তাঁর মেয়াদ হতে পারে মাত্র কয়েক সপ্তাহের।

আরও পড়ুন: শীঘ্রই বিমানে চড়েই যাওয়া যাবে জগন্নাথ মন্দির, ছাড়পত্র পেল পুরীর বিমানবন্দর

সম্প্রতি সুপ্রিম কোর্টে বিচারপতির অনুমোদিত সংখ্যা ৩৪ থেকে বাড়িয়ে ৩৮ করা হয়েছে। মূলত দীর্ঘদিন ধরে জমে থাকা মামলার চাপ এবং সাংবিধানিক বেঞ্চের কাজের পরিমাণের কথা মাথায় রেখেই বিচারপতির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন তিন বিচারপতির নিয়োগের পর আদালত এখন নিজের পূর্ণতা প্রাপ্তিতে মাত্র এক ধাপ দূরে। সুপ্রিম কোর্টের ৩৮ তম বিচারপতি কে হন এখন সেটাই দেখার।

google button