সৌভিক মুখার্জী, কলকাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যকে কেন্দ্র করেই রাতারাতি ককরোচ জনতা পার্টি দল খুলে নেয় অভিজিৎ দীপকে। এমনকি তাদের আন্দোলনে তোলপাড় হয় গোটা রাজ্য। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন ধর্মেন্দ্র প্রধান। নিট বিতর্কের প্রশ্নফাঁসকে কেন্দ্র করেই চলছিল তাদের আন্দোলন। তবে ইতিমধ্যেই বিচারপতির সেই মন্তব্যের ৩ মাস কেটে গিয়েছে। তা নিয়েই এবার সিবিআই এবং কেন্দ্রীয় সরকারের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট।
ককরোচ বিতর্কে নয়া মোড় সুপ্রিম কোর্ট
অন্য একটি ইস্যুতে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ‘ককরোচ’ মন্তব্যটি করেছিলেন। কিন্তু পরে তাঁর সেই মন্তব্য বিকৃত করা হয়েছে। এমনই অভিযোগ সুপ্রিম কোর্টের। সেই কারণেই এবার কেন্দ্রীয় সরকার এবং সিবিআই-র কাছে জবাব চাইল আদালত। অভিযোগ, ভার্চুয়াল আদালতের কিছু মন্তব্যকে বেছে নিয়ে সেটিকে এডিট করে পরে বিকৃত করা হয়েছে। এমনকি সেই মন্তব্যকে বাণিজ্যিকভাবে ব্যবহার করেছে ককরোচ জনতা পার্টি। এমনকি প্রধান বিচারপতি যে অর্থে সেই মন্তব্যটি করেছিলেন, অভিযুক্তরা ঠিক তার উল্টো অর্থ তুলে ধরে। সেই কারণেই এবার তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা।
টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুযায়ী, সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং ভি মোহনার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়েছিল। সেখানে আইনজীবীর দাবি, গত ১৫ মে-র মামলায় বিচারপতি একটি ভিন্ন অর্থে ‘ককরোচ’ শব্দটি ব্যবহার করেছিলেন। তবে পরে সেটিকে এডিট এবং বিকৃত করে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়। এতে বিচার ব্যবস্থার নিয়ম লঙ্ঘিত হয়েছে। এমনকি অনুমতি ছাড়া সেই মন্তব্য বাণিজ্যিক ব্যবহারের অভিযোগে অভিযুক্ত এবং সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন: ডলারের বিপরীতে ফের মান বদল ভারতীয় রুপির, দেখুন রেট
পাশাপাশি আইনজীবী রাজা চৌধুরীর আরও অভিযোগ, বিগত ১৫ মে-র পর থেকে আদালতের কার্যবিবরণীর বিভিন্ন অংশ কেটে কেটে জোড়া দিয়েই সেই ভিডিও ক্লিপের সংখ্যা বাড়ানো হয়েছে। আদালতের শুনানির সময় প্রধান বিচারপতি একটি অন্য ইস্যুতে ওই মন্তব্য করেছিলেন। পরে সেটিকে অন্য অর্থে ব্যবহার করা হয়েছে। এমনকি বিচারপতিদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। সেই কারণেই অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার।










