বিক্রম ব্যানার্জী, কলকাতা: হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনায় এবার শিরোনামে এলো আমেরিকা (America)। ডোনাল্ড ট্রাম্পের দেশের ওহায়োতে একটি হিন্দু মন্দিরে (Hindu Temple) ইট ছুঁড়ে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি গতকাল অর্থাৎ শুক্রবার দুপুরের। হামলার সময় মন্দিরের ভেতরে উপস্থিত ছিলেন মন্দিরটির মূল পুরোহিত এবং কয়েকজন ভক্ত। ঠিক সেই সময়ে ইট মেরে মন্দিরের জালনার কাঁচ ভাঙার অভিযোগ উঠেছে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে। শ্রী স্বামিনারায়ণ বডতালধাম নামক ওই হিন্দু মন্দির রয়েছে গ্রেটার ক্লিভল্যান্ড এলাকার রিচমন্ড হাইটসে।
কেন হিন্দু মন্দিরেই হল হামলা?
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় দেড়টা নাগাদ কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি আচমকা মন্দিরটিকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকেন। যেই ঘটনায় মন্দিরের একের পর এক জানালার কাঁচ ভাঙার পাশাপাশি মন্দিরটির ভেতরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই সময় মন্দিরের ভেতরে পুরোহিত এবং ভক্তরা থাকলেও হামলার ঘটনায় আহত হননি কেউই। ঠিক কারা, কোন উদ্দেশ্য নিয়ে মন্দিরটিতে হামলা চালিয়েছে তা জানা যায়নি।
সূত্রের খবর, হামলার পর মন্দির চত্বরের সিসিটিভি ফুটেজ তুলে দেওয়া হয়েছে তদন্তকারীদের হাতে। বর্তমানে সেই ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলির সাথে যোগাযোগ করা গিয়েছে। এছাড়াও আমেরিকার এফবিআইয়ের সিভিল রাইটস ইউনিটকে গোটা ঘটনাটি জানানো হয়েছে।
⚠️Hindu temple attacked in Ohio today| At 1:30 PM today, the Shree Swaminarayan Vadtal Dham Hindu Mandir in Richmond Heights, Ohio was attacked by perpetrator(s) who threw bricks at the temple causing significant damage.
Surveillance video is available and being reviewed by… pic.twitter.com/yruWaC7TnR
— Hindu American Foundation (@HinduAmerican) October 3, 2026
আরও পড়ুন: পুজোয় ৮ কোটি মানুষকে উপহার, রেশনে মিলবে ময়দা থেকে চিনি, সুজিও! ঘোষণা মুখ্যমন্ত্রীর
আমেরিকায় হিন্দুদের ওই সংগঠনের তরফে গোটা ঘটনাটিকে হেট ক্রাইম হিসেবে উল্লেখ করার সাথে সাথে যত দ্রুত সম্ভব দোষীদের কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। তবে এই হামলার পেছনে কোনও ধর্মীয় কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন মার্কিন তদন্তকারীরা। এদিকে গোটা ঘটনা প্রসঙ্গে কোয়ালিশন অফ হিন্দুজ অফ নর্থ আমেরিকা ইতিমধ্যেই রিচমন্ড হাইটসের মেয়র ও স্থানীয় প্রশাসনের কাছে তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দ্রুত পুলিশি পদক্ষেপের দাবি জানিয়েছে। সবমিলিয়ে, হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনায় বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের দেশ!










