বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুজোর মাস পড়ে গিয়েছে। আর উৎসবের মরসুম শুরু হওয়ার আগেই রাজ্যবাসীর জন্য রেশন নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগেই শোনা গিয়েছিল, পুজো উপলক্ষ্যে রেশনে (Puja Ration) পাওয়া যাবে ময়দা থেকে শুরু করে চিনি, সুজির মতো খাদ্যসামগ্রী। এবার সেই খবরটাই নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, পুজো উপলক্ষ্যে রেশনে অর্ধেক দামে চিনি, ময়দা এবং সুজি পাবেন সাধারণ মানুষ।
কারা পাবেন?
শনিবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্বতন সরকারের প্রসঙ্গ উল্লেখ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগের সরকার সাধারণ মানুষকে রেশনে কী কী দিতো সেটা স্মরণ করিয়েই মুখ্যমন্ত্রী বললেন, “এবারে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা দুর্গাপুজো উপলক্ষ্যে অর্ধেক মূল্যে ময়দা, চিনি এবং সুজি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগের সরকার 50 লাখের মতো পরিবারকে, যার পপুলেশন হচ্ছে চার কোটি, চিনি 1 কেজি করে দিতেন 20 শতাংশ সাবসিডিতে। আমরা সিদ্ধান্ত নিয়েছি 50 লাখের পরিবর্তে দুই কোটি পরিবারকে দেব এবং 20 শতাংশের পরিবর্তে 50 শতাংশ সাবসিডি পাবেন।”
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, পুজো উপলক্ষ্যে 2 কোটি পরিবার রেশনে এবার থেকে চিনি, সুজি একেবারে অর্ধেক দামে পাবে। মুখ্যমন্ত্রী এও জানালেন, এই বিশেষ উদ্যোগের জন্য ইতিমধ্যেই 150 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এর ফলে 8 কোটি মানুষ উপকৃত হবেন। জানিয়ে রাখি, সরকারের সিদ্ধান্তে এবার পরিবার পিছু 1 কেজি ময়দা 19 টাকায় পাওয়া যাবে বাকি 19 টাকা ভর্তুকি দেবে সরকার। এ ছাড়া চিনি 30 টাকায় মিলবে। সুজি পাওয়া যাবে 500 গ্রাম করে।
আরও পড়ুন: বাংলাদেশ পরমাণু শক্তিধর হয়ে ওঠার কারণেই আকাশসীমা বন্ধ করে চক্রান্ত করছিল পাকিস্তান!
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার বনগাঁয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের পুজো উপলক্ষ্যে রেশনের বিশেষ প্যাকেজের কথা জানিয়েছিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। জানিয়েছিলেন, রাজ্যের অন্তত 2 কোটি 12 লাখ পরিবারকে অর্ধেক দামে রেশন দেওয়া হবে। সঙ্গে দেওয়া হবে সুজিও। এই ঘোষণার পর মুখ্যমন্ত্রীর তরফে আনুষ্ঠানিক ঘটনার অপেক্ষায় ছিলেন রাজ্যবাসী।










