সহেলি মিত্র, কলকাতা: ইলিশ (Ilish) হল মাছেদের রানী। ইলিশ হল মাছপ্রেমী বাঙালিদের কাছে একটা আলাদাই ইমোশনের জায়গা। এখন শুধু বর্ষাকাল নয়, সরাবছরই এই মাছের চাহিদা তুঙ্গে থাকে। যাইহোক, এখন সামনেই রয়েছে বর্ষার মরসুম। ফলে সকলেই মুখিয়ে রয়েছেন একটু ভালো ইলিশ মাছ পাওয়ার আশায়। সেটা যদি আবার পদ্মাপারের হয় তাহলে তো একদম সোনায় সোহাগা। এখন প্রশ্ন উঠছে, কবে বাংলাদেশের ইলিশ এপার বাংলায় ঢুকবে? এদিকে এসবের মাঝেই ইলিশ নিয়ে সামনে এল বড় আপডেট। উঠে গেল নিষেধাজ্ঞা বলে খবর। চলুন বিশদ জেনে নেওয়া যাক।
ইলিশ নিয়ে সুখবর
ইলিশ নিয়ে সুখবর এসেছে সুদূর বাংলাদেশ থেকে। জানা গিয়েছে, অবশেষে দু মাসের নিষেধাজ্ঞার পর আবারও একবার পদ্মা, মেঘনায় ইলিশ ধরতে শুরু করলেন মৎস্যজীবীরা। বাংলাদেশের পটুয়াখালী জেলার তেঁতুলিয়া নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হল বুধবার ২৯ এপ্রিল। এরইসঙ্গে দীর্ঘ ৬০ দিনের বিরতির পর নদীতে নামার জন্য মুখিয়ে রয়েছেন প্রায় ২০,০০০ মৎস্যজীবী। ইতিমধ্যেই বহু মৎস্যজীবী নিজেদের নৌকা নিয়ে নদীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন, শুরু করেছেন মাছ ধরা।
আরও পড়ুনঃ বাড়বে বৃষ্টি! বইবে ৬০ কিমি বেগে ঝড়, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?
দেশের ইলিশ সম্পদ রক্ষা ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এলাকায় মাছ ধরা নিষিদ্ধ ছিল। বুধবার রাত ১২টার পর নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মৎস্যজীবীরা আবার নদীতে নামতে পারবেন। এক মৎস্যজীবী জানান, ‘২ মাস মাছ ধরতে না পেরে সংসার চালাতে কষ্ট হয়েছে। তবে নতুন করে মাছ ধরতে নেমে ভালো ইলিশ পাওয়ার আশা করছেন তিনি, যাতে দেনা শোধ করা সম্ভব হয়।’
বাংলাদেশের ইলিশ কবে ঢুকবে বাংলায়?
অবশেষে এবার কি বাংলায় ঢুকবে বাংলাদেশের ইলিশ? সেই প্রশ্ন এখন সকলের মুখে মুখে । এমনিতে বাজারে ছোট-বড় সাইজের ইলিশ সারা বছরই পাওয়া যায়। কিন্তু কিছু মাছ আছে যেগুলি হিমঘরে থাকে। বহু মাছ বিক্রেতা সেই হিমঘর থেকে মাছ বের করে এনে বিক্রি অবধি করছেন বটে। কিন্তু ক্রেতারা মাছ কিনে নিয়ে গিয়ে খুব খশি হচ্ছেন তাও কিন্তু নয়। ফলে এখন সকলেই অপেক্ষা করছেন কবে একটু ভালো ইলিশ মাছ যায় সেটার জন্য। অপেক্ষা করছেন বাংলাদেশের ইলিশ পাতে তোলার জন্য।










