প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল পাক বায়ুসেনার বিমান, নিহত দুই পাইলট

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল পাক বায়ুসেনার বিমান (Pakistan Aircraft Crashed)। এবার খাইবার পাখতুনখোয়ার মারদান এলাকায় রাস্তার উপরে ভেঙে পড়ে পাকিস্তান বিমান বাহিনীর বিমানটি। যে ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। একই সাথে আহত হয়েছেন অন্তত তিন জন ব্যক্তি। সূত্রের খবর, গুরুতর আহত তিন জনকেই পাঠানো হয়েছে স্থানীয় একটি হাসপাতালে। জানা যায়, দুর্ঘটনার খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। তারপরই শুরু হয় উদ্ধারকাজ।

শুরু হয়েছে তদন্ত

সোশ্যাল মিডিয়ায় ভেসে আসা একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে রাস্তা দিয়ে যাতায়াত করছে যানবাহন। ঠিক সেই সময় আচমকা মাঝ রাস্তার উপর ভেঙে পড়ে পাকিস্তান বিমান বাহিনীর একটি বিমান। চোখের পলকে ধরে যায় আগুন। ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল দুটি বাইক। গুরুতর আহত হয়েছেন সেই দুই বাইক আরোহী।

সূত্রের খবর, পাকিস্তান বিমান বাহিনীর ওই বিমানটি একটি বিশেষ প্রশিক্ষণে অংশ নিয়েছিল। সেই মতোই বিমানটি আকাশে উড়ে কিছুদূর ঘোরার পরই হঠাৎ রাস্তার উপর আছড়ে পড়ে। গোটা বিমানে ধরে যায় আগুন। তাতে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ওই ভয়াবহ দুর্ঘটনায় বিমানটির বিভিন্ন অংশ ভেঙে টুকরো টুকরো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল।

অবশ্যই পড়ুন: পাকিস্তানকে হারানোর দিনই ইতিহাস গড়লেন হরমনপ্রীত, পিছনে ফেললেন মিতালি রাজকে

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলট ও কো পাইলটের। ইতিমধ্যেই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। জানা যাচ্ছে, বিমান দুর্ঘটনায় নিহতদের নাম ক্যাপ্টেন কাসিম এবং ক্যাপ্টেন তালহা। ঠিক কীভাবে বিমান দুর্ঘটনাটি ঘটল, যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনও কারণে বিমানটি ভেঙে পড়ে সবটাই খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পাক বিমান বাহিনী।