অনন্যা সরকার, কলকাতা: নিত্যদিনের ব্যস্ততায় দৈনন্দিন ঘর পরিষ্কারের কাজ তাড়াহুড়ো করেই সারেন অধিকাংশ মানুষ। কিন্তু মাসে একবার ‘ডিপ ক্লিনিং’ (Deep Cleaning)-এর দরকার পড়ে। আর ভালোভাবে পরিষ্কার করা শুরু করলেই চোখে পড়ে হাজারটা অপ্রয়োজনীয় জিনিসপত্র। অনেকেই হাবিজাবি জিনিস ফেলে দেন। বিছানার চারপাশে, আলমারিতে বা ড্রয়ার পরিষ্কার করতে গিয়ে প্রায়শই এমন অনেক জিনিস খুঁজে পাওয়া যায়, যা আপাতভাবে অপ্রয়োজনীয় জিনিস বলেই মনে হয়। কিন্তু সব পুরোনো বা বাড়তি জিনিসই কিন্তু আবর্জনা নয়। এমন বেশ কিছু জিনিস আছে, যা ফেলে দেওয়ার পর আবার কেনার প্রয়োজন পড়ে। তাই চলুন জেনে নেওয়া যাক, ঘর পরিষ্কারের সময় কোন জিনিসগুলো না ফেলাই ভালো (Cleaning Tips)।
ঘর পরিষ্কারের সময় ফেলতে নেই কিছু জরুরি জিনিস
পেশাদার অর্গানাইজার জানাচ্ছেন, শোবার ঘর পরিষ্কার করার সময় কিছু জিনিস সঙ্গে সঙ্গে ফেলে না দিয়ে রেখে দেওয়াই ভালো। এই জিনিসগুলো পরে বিভিন্ন প্রয়োজনে কাজে লাগতে পারে। চলুন তাহলে এরকমই ছয়টি জিনিস সম্পর্কে জেনে নেওয়া যাক, যেগুলো ডিপ ক্লিনিংয়ের সময় তাড়াহুড়ো করে ফেলে দেওয়া উচিত নয়।
১. খালি স্টোরেজ বক্স: ঘর পরিষ্কার করার পর খালি স্টোরেজ বক্স বা অটোম্যানগুলো তাড়াহুড়ো করে ফেলে দেবেন না। এগুলো তোয়ালে, চাদর, বালিশের কভার, কম্বল বা শীতের পোশাক-আশাক রাখার জন্য ব্যবহার করা যায়। বক্সগুলোতে কী রাখা হচ্ছে, তা লেবেলে লিখে লাগিয়ে রাখলে জিনিসপত্র গোছানো আরও সহজ হতে পারে।
২. পুরোনো পোশাক এবং আসবাবপত্র:
পরিষ্কার করার সময় সেকেলে হয়ে গেছে পুরনো ব্লেজার বা আসবাবপত্র ফেলে দেবেন না। একটি মানানসই কালো ব্লেজার বা একটা ক্লাসিক কাঠ বা বেতের চেয়ারের মতো জিনিস দীর্ঘস্থায়ী হয়। শুধুমাত্র ফ্যাশনের বাইরে চলে গেছে বলে ভালো অবস্থায় থাকা কোনো জিনিস ফেলে দেওয়া ঠিক নয়।
আরও পড়ুন: জমি-বাড়ি রেজিস্ট্রিতে জালিয়াতি রুখতে নয়া অ্যাপ নবান্নের
৩. ভালো হ্যাঙ্গার: আলমারি পরিষ্কার করার সময় অতিরিক্ত হ্যাঙ্গারগুলো প্রায়শই ফেলে দেওয়া হয়। কিন্তু যদি সেগুলো ভালো অবস্থায় থাকে, তবে ফেলার কোনও প্রয়োজন নেই। জামাকাপড় গোছানোর পর আবার এগুলোর দরকার হতে পারে। এগুলো জামাকাপড় ছাড়াও অন্যান্য জিনিস টাঙিয়ে রাখার কাজে ব্যবহার করা যেতে পারে।
৪. একপাটি মোজা: মোজার একটি পাটি এদিক ওদিক হারিয়ে গেলে, অন্যটি অব্যবহৃত থেকে যায়। এগুলো ফেলে দেওয়ার দরকার নেই। একটি পরিষ্কার মোজার মধ্যে কিছু সৈন্ধব লবণ বা এপসম সল্ট ও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে আলমারি বা ড্রয়ারে রেখে দিতে পারেন। এতে একটি হালকা সুগন্ধ ছড়াবে।
৫. বিছানার চাদরের কভার: নতুন বিছানার চাদরের সাথে আসা কাপড়ের কভারগুলো অকেজো ভেবে একদম ফেলে দেবেন না। বেড়াতে যাওয়ার সময় সময় চটি-জুতো, না কাচা কাপড় বা ছোটখাটো জিনিস রাখার জন্য এগুলো খুব ভালোভাবে ব্যবহার করা যায়। পরিষ্কার এবং ভালো অবস্থায় থাকা কভারগুলো জমিয়ে রাখুন।
আরও পড়ুন: পুজোর আগেই ঝরিয়ে ফেলুন বাড়তি ওজন, ফিট থাকতে মেনে চলুন এই টিপসগুলি
৬. অন্যের জিনিসপত্র: বাড়ির কোনও সদস্যের জিনিসপত্র পরিষ্কার করার সময় নিজের সিদ্ধান্তে ফেলে দেবেন না। আপনার কাছে যা অপ্রয়োজনীয়, তা অন্যদের কাছে অকেজো নাও হতে পারে। তাই, অপরের জিনিস ফেলার আগে তাদের অবশ্যই জিজ্ঞেস করে নিন।
ঘর পরিষ্কার করা মানে শুধু অগোছালো জিনিসপত্রের সংখ্যা কমিয়ে ঘরকে ফাঁকা করা নয়, বরং সেগুলোকে আরও ভালোভাবে গুছিয়ে রাখাও। কোনও জিনিস ফেলে দেওয়ার আগে ভাবুন সেটা ভবিষ্যতে আবার ব্যবহার করা যাবে কিনা। ভেঙে যাওয়া, খারাপ হয়ে যাওয়া সামগ্রীগুলো সরিয়ে ফেলুন, কিন্তু ভুল করেও তাড়াহুড়োর বশে দরকারি জিনিস ফেলে দেবেন না।










