এই ছোট্ট উপায় মানলেই রুটি হবে একেবারে চাঁদের মতো গোল!

Published:

Round Roti

আনিষা চৌধুরী, কলকাতা: গরম গরম ধোঁয়া ওঠা গোল রুটি দেখলেই খিদেটা বেড়ে যায় তাই না? কিন্তু রান্নাঘরে দাঁড়িয়ে এক্কেবারে গোল (Round Roti), পাতলা ও নরম রুটি তৈরি করা অনেকের কাছেই বেশ কঠিন কাজ। বেলতে গিয়ে কখনও রুটির আকার দেশের মানচিত্রের মতো হয়ে যায়, আবার কখনও একদিকে মোটা, অন্যদিকে পাতলা হয়ে যায়। স্বাদের ক্ষেত্রে আকার খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও সুন্দর গোল রুটি কার না পছন্দ? এমন পরিপাটি রুটি পরিবেশন করলে খাবারের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। তাই রুটি বানানোর সময় কয়েকটি সহজ বিষয় মাথায় রাখলেই আপনিও পারবেন একেবারে চাঁদের মতন গোল রুটি বানাতে।

রুটি ভালো হওয়ার শুরুটা আটা মাখা থেকেই

নরম ও সুন্দর রুটির জন্য যে জিনিসটা ঠিকঠাক ভাবে হওয়া দরকার সেটা হলো আটা মাখা। তাই প্রথমেই সেই দিকে নজর দিতে হবে। খুব শক্ত বা অতিরিক্ত নরম ডো হলে রুটি বেলার সময় সমস্যা হতে পারে। তাই পরিমাণমতো জল দিয়ে এমনভাবে আটা মাখতে হবে যাতে সেটি নরম ও সহজে হাতে ধরা যায়। ঠান্ডা জলের বদলে হালকা গরম জল ব্যবহার করতে পারলে আরও ভালো। কারণ এতে আটা আরও ভালোভাবে মাখা যায়। চাইলে সামান্য দুধ বা ঘি দেওয়া যেতে পারে, এতে রুটির স্বাদ আরো বেড়ে যায়। আটা মাখা হয়ে গেলে সঙ্গে সঙ্গে রুটি না বানিয়ে ঢেকে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিলে ডো আরও নমনীয় হয়।

রুটি বেলার আসল কৌশল

আটা থেকে ছোট ছোট লেচি কেটে প্রথমে হাতের তালু দিয়ে গোল করে নিতে হবে, এতে আকার সুন্দর আসে। তারপর সামান্য শুকনো আটা ছড়িয়ে লেচিটিকে হালকা চ্যাপ্টা করে বেলতে শুরু করুন। বেলন দিয়ে রুটি বেলার সময় রুটিটিকে অল্প অল্প করে হাত দিয়ে ঘুরিয়ে নিতে হবে। এভাবে চারদিক থেকে সমানভাবে চাপ পড়লে রুটির আকৃতিও ধীরে ধীরে গোল হবে। মাঝে একবার রুটি উল্টে নিলে একদিকে মোটা একদিকে পাতলা থাকার সম্ভাবনাও কমে যায়।

আরও পড়ুন: বন্ধ স্কুল-কলেজ ও অফিস, পুজোর আগে সেপ্টেম্বরেই নতুন ছুটি ঘোষণা রাজ্য সরকারের

রুটি বেলার সময় অতিরিক্ত শুকনো আটা ব্যবহার করলে রুটি শক্ত হয়ে যেতে পারে। আবার খুব পাতলা করে ফেললেও রুটি ঠিকমতো ফুলবে না। বেলা শেষ হলে রুটিটি তাওয়ায় দেওয়ার পর এক পাশ হালকা সেঁকে উল্টে দিতে হবে। দ্বিতীয় পাশেও হালকা বাদামি দাগ আসা অব্দি অপেক্ষা করতে হবে। তারপর আবার প্রথম দিকটি বেশি আঁচে রেখে চিমটা বা কাপড় দিয়ে আলতো করে চাপ দিতে হবে। সঠিকভাবে তাপ পেলে রুটি ফুলে উঠবে এবং খাওয়ার সময়ও নরম থাকবে।