এই ৪ টোটকাতেই বাড়ি থেকে ‘বাপ বাপ’ বলে পালাবে আরশোলা

Published:

_eliminate cockroaches

আনিষা চৌধুরী, কলকাতা: রাত নামলেই কমবেশি প্রতিটি বাড়িতেই রান্নাঘর, বাথরুম কিংবা সিঙ্কের আশপাশে আরশোলার (Cockroach) উপদ্রব বেড়ে যায়। ঘর নিয়মিত পরিষ্কার করলেও এই সমস্যা থেকে পুরোপুরি রেহাই পাওয়া যায় না। আরশোলার লালা, ডিম রান্নাঘরকে অস্বাস্থ্যকর করে তোলে। আরশোলা তাড়াতে বাজারে বিভিন্ন রাসায়নিক উপাদান পাওয়া যায়। তবে বাড়িতে শিশু থাকলে সেগুলি স্বচ্ছন্দে ব্যবহার করা যায় না। তবে আর চিন্তা নেই, রাসায়নিকের বদলে কয়েকটি ঘরোয়া উপায় কাজে লাগিয়েই তাড়াতে পারেন বাড়ির সমস্ত আরশোলা।

নিম তেল

নিম তেল দিয়েও বাড়িতে সহজেই একটি স্প্রে তৈরি করা যায়। একটি স্প্রে বোতলে জল নিয়ে তার সঙ্গে পরিমাণমতো নিম তেল মিশিয়ে নিন। বোতলটি ভালো করে ঝাঁকিয়ে মিশ্রণটি রান্নাঘরের তাক, সিঙ্কের আশপাশ এবং ঘরের বিভিন্ন কোণে স্প্রে করতে পারেন। বিশেষ করে রাতে এই মিশ্রণ ব্যবহার করলে ফলাফল চোখে পড়তে বাধ্য। এটি বিষের মতন কাজ করবে এবং আরশোলা মরে যাবে।

তেজপাতা

রান্নাঘরের পরিচিত এই মশলাটিই আরশোলা দূরে রাখতে বেশ কার্যকরী। পাশাপাশি প্রতিটি বাড়িতেই এটি মজুত থাকে তাই আলাদা করে কেনার প্রয়োজন পড়বে না। কয়েকটি তেজপাতা শুকিয়ে ভালো করে গুঁড়ো করে নিন। এবার ঘরের যে সমস্ত কোণে আরশোলার আনাগোনা বেশি, সেখানে সেই গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। তেজপাতার তীব্র গন্ধ আরশোলার পছন্দ নয়। তাই নিয়মিত কয়েক দিন এই পদ্ধতি ব্যবহার করে আরশোলার আনাগোনা কমানো যেতে পারে।

বোরিক পাউডার

আরশোলার উপদ্রব কমাতে বোরিক পাউডারও উপযোগী একটা উপাদান। অল্প বোরিক পাউডারের সঙ্গে চিনি, কফিগুঁড়ো, আটা বা ময়দা মিশিয়ে আরশোলা চলাচল করে এমন জায়গায় রেখে দিতে পারেন। তবে এটি ব্যবহারের সময়ও বিশেষ সাবধানতা প্রয়োজন। এক্ষেত্রেও মিশ্রণটিকে শিশু এবং পোষ্য প্রাণীর নাগালের বাইরে রাখতে হবে। খেয়াল রাখতে হবে, খাবারের সঙ্গে যাতে ভুল করেও এটি মিশে না যায়।

বেকিং সোডা

বেকিং সোডার সঙ্গে সামান্য চিনি বা মধু মিশিয়ে আরশোলার যাতায়াতের জায়গায় রেখে দিন। মিষ্টি উপাদানের গন্ধে আরশোলা আকৃষ্ট হবে। সেই মিশ্রণের মধ্যে থাকা বেকিং সোডা আরশোলাদের পক্ষে বেশ ক্ষতিকর। অল্প পরিমাণে মিশ্রণ তৈরি করে এমন জায়গায় রাখুন, যেখানে আরশোলার আনাগোনা বেশি। তবে খেয়াল রাখবেন, শিশু বা পোষ্য প্রাণীর হাত-পা যেন মিশ্রণটি অব্দি না পৌঁছয়।

আরও পড়ুন: মিলন প্রধানের বিরুদ্ধে বাকি মামলা প্রত্যাহার, উপনির্বাচনের আগে জেলমুক্তি কংগ্রেস প্রার্থীর?

আরশোলার সমস্যা কমাতে ঘর পরিষ্কার রাখার পাশাপাশি তাদের চলাচলের জায়গাগুলিতে এই ঘরোয়া পদ্ধতিগুলি প্রয়োগ করে দেখতে পারেন। তবে উপদ্রব বেশি হলে শুধু ঘরোয়া উপায়ের উপর নির্ভর না করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই ভালো।