প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন। পাড়ায় পাড়ায় চলছে প্যান্ডেল ও প্রতিমা সাজানোর শেষ প্রস্তুতি। এদিকে পুজোর আগে ত্বকের জেল্লা ফেরানোর জন্যে ভিড় বাড়ছে পার্লারে। চুল স্ট্রেটনিং থেকে শুরু করে নিল এক্সটেনশন কোনো কিছুই বাদ নেই। অনেকে আবার শুধু ফেসিয়াল (Durga Puja Facial) করার জন্য লাইনে দাঁড়াচ্ছে। এতে ত্বকের জেল্লা ফিরছে ঠিকই, কিন্তু পকেটও বেশ খসছে। তাই সেক্ষেত্রে খরচ বাঁচাতে এবং মুখের জেল্লা ফিরিয়ে আনতে (Facial At Home) মেনে চলতে পারেন বেশ কিছু ঘরোয়া টিপস।
ত্বকের জন্য গুরুত্বপূর্ণ ফেসিয়াল
ত্বক ভালো রাখতে মাসে অন্তত একবার অথবা দুবার ফেসিয়াল করা খুবই প্রয়োজন। কারণ এটি এক ধরনের স্কিন ট্রিটমেন্ট, যা ত্বকের হারিয়ে যাওয়া জেল্লা যেমন ফিরিয়ে আনে ঠিক তেমনই ত্বকের রক্ত সঞ্চালনও বাড়িয়ে দেয়। কিন্তু এই ফেসিয়াল পার্লারে করাতে গেলে খরচ হয় অনেক অনেক টাকা। তাই এর পরিবর্তে আপনি যদি বাড়িতেই ফেসিয়াল সেরে ফেলতে পারেন, তাহলে অনেক টাকা বাঁচিয়ে ফেলতে পারবেন। চলুন বাড়িতে ফেসিয়াল করার কিছু টিপস জেনে নিন বিস্তারিত।
ফেসিয়াল করার পদ্ধতি
প্রথমে রেগুলার ক্লিনজার হাতে নিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলতে হবে। এরপর একটি পাত্রে পরিমাণ মতো ত্বকের বৈশিষ্ট্য অনুযায়ী ফেস স্ক্রাব নিন এবং তার সঙ্গে সামান্য পরিমাণে জল মিশিয়ে ওই মিশ্রণ মুখে লাগিয়ে নিন। তারপর হাতের তালু দিয়ে ২-৩ মিনিট মাসাজ করুন। পরে শুকিয়ে এলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপর তৃতীয় ধাপে এক্সফোলিয়েট করার জন্য গরম ভাপ বা ফেস স্টিমিং করতে হবে। এতে রক্ত সঞ্চালন যেমন বাড়বে তেমনই ত্বকের জেল্লাও ফিরবে। এরপর সারা মুখে অ্যালোভেরা জেল মাখিয়ে নিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।
আরও পড়ুন: লাগবে না হিটিং মেশিন, পুজোর আগে ঘরেই করুন চুল স্ট্রেট, রইল টিপস
ফেসিয়ালের জন্য এবার পরিমাণমত একটি বাটিতে ফেস প্যাক নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মুখে। অন্তত ১০-১৫ মিনিট অপেক্ষা করে সেটি ধুয়ে ফেলতে হবে। এরপর টোনার এবং ময়শ্চারাইজার লাগিয়ে নিন, ব্যস তাহলেই হয়ে যাবে ফেসিয়াল। তবে অবশ্যই মনে রাখবেন ফেসিয়াল করানোর আগে ও পরে ভুলেও থ্রেডিং করাবেন না। কারণ এতে ত্বকে জ্বালাভাব, র্যাশের সমস্যা দেখা দিতে পারে। এমনকি দিনের বেলা ফেসিয়াল করে বাইরে বেরোনোর পর অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন।










