লাগবে না হিটিং মেশিন, পুজোর আগে ঘরেই করুন চুল স্ট্রেট, রইল টিপস

Published:

Beauty Tips

প্রীতি পোদ্দার, কলকাতা: একেবারে দোরগোড়ায় এসে গিয়েছে পুজো, এদিকে কেনাকাটা এখনও শেষ হয়নি। আর এই ব্যস্ততার মাঝে নিজের সাজসজ্জার (Beauty Tips) দিকে খেয়াল অনেকেই রাখতে পারছেন না। তার উপর ফ্যাশনের ট্রেন্ডে গা ভাসাতে আজকাল অনেকেই বহু টাকা খরচ করে মেশিনের সাহায্যে চুল স্ট্রেট করেন। কিন্তু তাতে চুলের ক্ষতি হয় অনেক। তাই সেক্ষেত্রে ভরসা রাখতে পারেন ঘরোয়া টোটকায় (Hair Straightening Tips)। তাই ভরসা রাখুন ঘরোয়া উপায়েই। সহজ এবং স্বাভাবিক উপায়ে বাড়িতেই পেয়ে যাবেন স্ট্রেট চুল।

সকলের চুলের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। কারোর চুল হালকা সোজা তো কারও চুল হয় কোকড়ানো। কিন্তু রাসায়নিকের ব্যবহারে চুল সোজা করলে, চুল আরও রুক্ষ হয়ে পড়ে। তার উপর কেউ যদি বার বার বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার করে তাহলে চুলের ক্ষতি অনিবার্য। তবে চিন্তা নেই, কয়েকটি ঘরোয়া ও কার্যকরী উপাদান ব্যবহার করলে চুলের সৌন্দর্য যেমন একদিকে বৃদ্ধি পাবে তেমনি স্ট্রেট হবে চুল। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

ডিম এবং অলিভ অয়েলের প্যাক

প্রাকৃতিক উপায়ে বাড়িতে চুল স্ট্রেট করতে চাইলে ডিম এবং অলিভ অয়েলের প্যাক খুবই গুরুত্বপূর্ণ। কারণ চুলের পুষ্টিতে ডিম এবং অলিভ অয়েল উভয়েই উপযুক্ত। এর জন্য একটি পাত্রে দুটি ডিম এবং বড় চামচের এক চামচ অলিভ অয়েল নিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এরপর চুলগুলিকে কয়েকটি সেকশনে ভাগ করে নিয়ে মিশ্রণটি ভালো করে লাগান। ১৫-২০ মিনিট রেখে সেটি শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা জেল

চুল প্রাকৃতিকভাবে সোজা করতে হলে অ্যালোভেরা জেল ব্যবহার করা যেতে পারে। কারণ এর মধ্যে অনেক এনজাইম থাকে, যা চুল স্ট্রেট করতে পারে। এছাড়াও অ্যালোভেরা জেল চুলকে ময়েশ্চারাইজড করে এবং ভালো পুষ্টি জোগায়। এর জন্য চুলে শ্যাম্পু করার আগে অন্তত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা অ্যালোভেরা জেল মাখিয়ে রাখতে হবে। এরপর ঠাণ্ডা জল দিয়ে চুল ধুয়ে ফেলুন, দেখবেন চুল পুরো সিল্কি হয়ে গিয়েছে।

আরও পড়ুন: ঘাম বৃষ্টিতে পুজোয় আর গলবে না মেকআপ, মেনে চলুন এই ৫টি নিয়ম

কলা মধুর মাস্ক

চুল স্ট্রেট করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ হেয়ার মাস্ক হল কলা এবং মধুর মাস্ক। এর জন্য একটি বাটিতে কলা, মধু, অলিভ অয়েল এবং টকদই ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর প্যাকটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে আধা ঘণ্টা রেখে দিন। তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ভাল করে চুল ধুয়ে ফেলুন। পাখার হাওয়ায় শুকোনোর পর দেখবেন চুলের রুক্ষতা চলে গিয়েছে।

google button