প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমানে কাজের চাপ এতটাই বাড়ছে যে স্ট্রেস কিছুতেই কমছে না। যার ফলে ঘুমের (Sleep) পরিমাণ কমছে, কখনও চোখমুখ শুকনো দেখাচ্ছে তো কখনও, আবার ঝরে পড়ছে চুল পাশাপাশি চোখের নীচেও কালো দাগ (Dark Circle) পড়ছে। তাই পুজোর আগে এই ডার্ক সার্কেল কমাতে আজ থেকেই মেনে চলুন এই টিপস (Beauty Tips)।
ত্বকের রঙের গাঢ়ত্ব নির্ভর করে মেলানিন নামক একটি রঞ্জকের উপর। যার যতবেশি মাত্রায় মেলানিন থাকবে তার ত্বক তত কালচে হবে। চোখ এবং চুলের রং কালো হওয়ার পিছনেও এই রঞ্জকের ভূমিকা আছে। অনেকের চোখের চারপাশে এই রঞ্জক অনেকটা বেশি পরিমাণে জমা হয়, যা ডার্ক সার্কল হিসাবে দেখা দেয়। তাহলে চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে দেখে নেওয়া যাক কীভাবে এই ডার্ক সার্কেল দূর করা যায়।
ঘুম
চোখের তলায় কালি ভাব দূর করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় ওষুধ হল ঘুম। দিনের শেষে অন্তত ৭-৮ ঘণ্টা ভাল করে ঘুম হওয়া খুব জরুরি। বিশেষ করে শারীরিক এবং মানসিক চাপ যাঁদের বেশি, তাঁদের ক্ষেত্রে এ কথা আরও বেশি প্রয়োজনীয়। কিন্তু কাজের চাপে এখন মানুষের ঘুমটাই ঠিকমতো হয় না। পরিবার, অফিস সব সামলাতে গেলে ঘুমের সঙ্গে সমঝোতা করতে হয়। আর তাতেই চোখের তলায় জমছে কালি। তাই ঘুম খুব জরুরি।
আরও পড়ুন: কিছুতেই রাতে ঘুম আসছে না? মেনে চলুন এই ৩ সহজ কার্যকরী টিপস, মিলবে ফল
চায়ের ব্যাগ
চোখের তলায় কালি এবং ফোলা ভাব কমানোর জন্য চায়ের ব্যাগ অত্যন্ত কার্যকরি একটি উপাদান। কারণ চায়ে ক্যাফিন আর অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে যা চোখে রক্তচলাচল ভাল ফল দেয়। এর জন্য গরম জলে ভিজিয়ে নিন দু’টি চায়ের ব্যাগ। পাঁচ মিনিট পর সেই ব্যাগ দু’টি মিনিট পনেরোর জন্য রেখে দিন ফ্রিজে। ঠান্ডা হয়ে গেলে চোখ বন্ধ করে, দু’টি ব্যাগ রেখে দিন মিনিট দশেকের জন্য।
বরফের টুকরো
ত্বকের জন্য খুব ভালো একটি উপকরণ হল বরফের টুকরো। এর জন্য একটা পরিষ্কার কাপড়ের মধ্যে কয়েক টুকরো বরফ বেঁধে নিয়ে ধীরে ধীরে চোখের চার পাশে ঠান্ডা সেঁক দিন। দিনে এক বার করে এই কাজ করলে চোখের কালো দাগ দূর হয়ে যাবে।










