প্রীতি পোদ্দার, কলকাতা: সারা দিনের কর্মব্যস্ততার জেরে ক্রমেই জীবনযাত্রা (Health) পাল্টে যাচ্ছে সকলের। যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে ইঁদুর দৌড় শুরু করেছেন সকলে। এর জেরে বাড়ছে উদ্বেগ আর দুশ্চিন্তা, যেগুলি জীবনের সঙ্গে না চাইতেও জড়িয়ে পড়েছে। অফিসের কাজ বাড়িতেও পিছু ছাড়ছে না। কাজ শেষ না হওয়ার চিন্তায় রাতের পর রাত ঘুম (Sleep Tips) আসে না। এতেই শরীরে পড়ছে বড় প্রভাব। কিন্তু এই বদভ্যাস কাটানো খুব জরুরি। তাই আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন কীভাবে রাতে চটজলদি ঘুম আসবে।
শরীরের ওপর পড়ছে খারাপ প্রভাব
ঘুমের অভাবে মাথা ঠিক মতো কাজ করে না। বিরক্তি বাড়ার পাশাপাশি উদ্বেগ বাড়তে থাকে। এছাড়া হরমোনের ভারসাম্য নষ্ট হয় এবং বিঘ্নিত হয় বিপাকীয় ভারসাম্যও। আর এই হরমোনের ভারসাম্যহীনতার জেরে অতিরিক্ত খাওয়ার ঝোঁক বাড়ে যার ফলে ওজন বৃদ্ধি হতে পারে। শুধু তাই নয় শরীরে (Sleep habits) দেখা যায় না রোগের প্রভাব। তাই সেই সব সমস্যা যাতে দ্রুততার সঙ্গে কমিয়ে নেওয়া যায় তার জন্য রইল কিছু টিপস।
একটানা কাজ নয়
অনেকেই কাজ দ্রুত শেষ করার জন্য একটানা বসে কাজ করে যান, কিন্তু এতে মানসিক চাপ আরও বাড়ে। তাই কাজের মাঝে এক-দু’ঘণ্টা বিরতি নিন। কয়েক পা হেঁটে আসুন, এতে একটানা বসে থাকার বদভ্যাস থেকেও কিছুটা ছাড় মিলবে। শুধু তাই নয় কাজের পর স্ক্রিনিং টাইমও কমান। তাহলে চোখের উপর চাপটা কম পড়বে। এবং রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারবেন।
আরও পড়ুন: পুজোর আগেই ঝরিয়ে ফেলুন বাড়তি ওজন, ফিট থাকতে মেনে চলুন এই টিপসগুলি
নিজেকে শান্ত রাখুন
ঘুমোতে যাওয়ার আগে ৩০ থেকে ৬০ মিনিট একটা রুটিন তৈরি করে নিতে হবে। ওই সময় ছাদে বা বাগানে হাঁটতে যেতে পারেন, বই পড়তে পারেন, প্রাণায়াম করতে পারেন। অর্থাৎ এই সময় নিজেকে শান্ত করুন। সমস্ত স্ক্রিন বন্ধ করে দিন, ঘরের উজ্জ্বল আলোগুলি নিভিয়ে দিন। ভাল ঘুমের জন্য দেখবেন অনেক উপকার পাবেন।
খাবারের দিকে নজর দিন
ঘুমোনোর অন্তত ঘণ্টা দুয়েক আগে রাতের খাবার সেরে ফেলতে হবে। রাতের বেলা ঘুমোতে যাওয়ার এক-দু’ঘণ্টা আগে কফি খেলে তার প্রভাবে রাতের ঘুম নষ্ট হয়। ফলে পরের দিন ঘুম থেকে উঠতে দেরি হয়। ঘুমের মানও খারাপ হতে থাকে। নিরবচ্ছিন্ন ঘুমে খিটখিটে মনোভাব বাড়ে এবং শরীর অসুস্থ হয়ে পড়ে।










