সহেলি মিত্র, কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য রইল জরুরি খবর। পরবর্তী মহার্ঘ্য ভাতা বা ডিএ (Dearness allowance) নিয়ে প্রকাশ্যে এল বড় আপডেট। সবথেকে বড় কথা, দুর্গাপুজো ও কালীপুজোর আগেই লটারি লাগতে পারে সরকারি কর্মীদের বলে ধারণা করা হচ্ছে। এমনিতেই কেন্দ্রীয় সরকার বছরে দুবার তার কর্মচারীদের মহার্ঘ ভাতা সংশোধন করে। এই পরিবর্তনগুলি প্রায়শই হোলি এবং দিওয়ালির সময় ঘোষণা করা হয় এবং জানুয়ারি ও জুলাই মাসে কার্যকর হয়। এই বছর, জানুয়ারিতে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ ২ শতাংশ বৃদ্ধি পেয়ে তাদের মূল বেতনের ৬০ শতাংশে পৌঁছেছে। জুলাই মাসে আরও ৩ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই সংক্রান্ত একটি রিপোর্টও সামনে এসেছে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
৩% ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের?
মহার্ঘ্য ভাতার পাশাপাশি পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ (ডিআর) প্রদান করা হয়। এর ফলে কয়েক কোটি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। আসলে অর্থ মন্ত্রকের শ্রম ব্যুরো জুন ২০২৬-এর জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক – শিল্প শ্রমিক (AICPI-IW)-এর তথ্য প্রকাশ করেছে। সেটা দেখেই আশা করা হচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা জুলাই মাস থেকে তাদের বেতনে ৩ শতাংশ বৃদ্ধি পাবেন বলে আশা করা হচ্ছে। শ্রম ব্যুরোর একটি X হ্যান্ডেল অনুসারে, জুন মাসের AICPI-IW-এর মান ১৫১.৯ রেকর্ড করা হয়েছে। AICPI-IW-এর ১২ মাসের গড়ের উপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন গণনা করা হয়। খুব সম্ভবত সেপ্টেম্বর মাসে এই সংক্রান্ত ঘোষণা করতে পারে মোদী ক্যাবিনেট।
আরও পড়ুনঃ শুরু হল ডিজিটাল জনগণনা, অনলাইনে সেলফ এনুমারেশন না করলে কী হবে?
সুতরাং, ১৫১.৯ অঙ্কটি দিয়ে ১২ মাসের গড় হিসেব দাঁড়ায় ১৪৮.৬৫, এবং ডিএ গণনা করা হয় ৬৩.৭৬%। যেহেতু সরকার ডিএ পূর্ণ সংখ্যায় গণনা করে, তাই ৬৩.৭৬% ডিএ-এর অর্থ হবে ৬৩%। সুতরাং, ৩% বৃদ্ধির পর, সপ্তম বেতন কমিশনের অধীনে সকল কর্মচারীর মোট ডিএ ৬৩% হবে বলে আশা করা হচ্ছে। অষ্টম বেতন কমিশনের বেতন কাঠামো কার্যকর না হওয়া পর্যন্ত, কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের অধীনেই ডিএ পেতে থাকবেন।
কতটা বেতন বাড়তে পারে?
এখন সকলের প্রশ্ন, কতটা বেতন বাড়তে পারে? ধরুন যদি কোনো কর্মচারী প্রতি মাসে ৩৬,৫০০ টাকা মূল বেতন পান, তবে তাঁর ৬০% হারে ডিএ বর্তমানে ২১,৯০০ টাকা। ৩% বৃদ্ধির পর, তাঁর ডিএ ১,০৯৫ টাকা বেড়ে ২২,৯৯৫ টাকা হবে। একইভাবে, যদি কোনো পেনশনভোগীর মূল পেনশন ৯,০০০ টাকা হয়, তবে তাঁর ৬০% হারে ডিএ ৫,৪০০ টাকা। তিন% বৃদ্ধির পর, তা বেড়ে ৫,৬৭০ টাকা হবে।










