সুখবর কর্মীদের জন্য, টাকা তোলার নিয়ম শিথিল করল EPFO

Published:

EPFO

সহেলি মিত্র, কলকাতাঃ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO হল চাকুরিরত ব্যক্তিদের বিপদের বন্ধু। এই সংস্থার মাধ্যমে কর্মীরা ভবিষ্যতের জন্য নিজেদের অর্জিত টাকার কিছু অংশ সঞ্চিত করার সুবিধা পান। অতীতে, EPFO থেকে টাকা তোলার পদ্ধতিতে কিছু জটিলতা ছিল। তবে বর্তমান কেন্দ্রীয় সরকার (Central Government of India) এই কাজ আরও মসৃণ করার সিদ্ধান্ত নিয়েছে। বাড়ির নির্মাণ, লোন, চাকরি হারানো পরবর্তী পরিস্থিতি, চিকিৎসা ও বিবাহের মতো জরুরি কাজে এবার থেকে খুব সহজে ৭৫% অবধি টাকা তুলতে পারবেন কর্মীরা।

টাকা তোলার নিয়ম শিথিল করল EPFO

লোকসভায় এক বিবৃতির মাধ্যমে কর্মীদের মুখে হাসি ফুটিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে। সংসদ কক্ষে তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদের করা এক প্রশ্নের উত্তরে শোভা করন্দলাজে জানিয়েছেন, কর্মচারীরা এখন তাদের প্রয়োজন অনুযায়ী তাদের ইপিএফ ব্যালেন্সের ৭৫% পর্যন্ত টাকা তুলতে পারবেন। তবে কিছু শর্ত রয়েছে। বিশেষ কিছু ক্ষেত্রেই টাকা তোলার ক্ষেত্রে কর্মীরা এই সুবিধা পাবেন, যেমন চিকিৎসা, শিক্ষা, বিবাহ, সংসার সংক্রান্ত বিশেষ কোনো প্রয়োজন কিংবা বেকারত্ব।

কোন কোন পরিস্থিতে কর্মীরা ৭৫% টাকা তুলতে পারবেন?

১. বাড়ি ক্রয়, নির্মাণ, সংস্কার কিংবা গৃহ ঋণ সম্পর্কিত খরচের জন্য টাকা তোলা যাবে।
২. শর্ত সাপেক্ষে নির্দিষ্ট কোনো কারণ না দেখিয়েও ইপিএফ ব্যালেন্সের ৭৫% পর্যন্ত তোলার সুবিধা দেওয়া হবে।
৩. নতুন নিয়মের আওতায় অসুস্থতা বা চিকিৎসার জন্য ইপিএফ থেকে টাকা তোলার সুবিধা দেওয়া হয়েছে।
৪. নতুন নিয়ম অনুযায়ী, বিভিন্ন কারণে অগ্রিম টাকা তোলার জন্য ইপিএফ সদস্য হওয়ার ন্যূনতম মেয়াদ কমিয়ে ১২ মাস করা হয়েছে।
৫. কর্মচারীরা তাঁদের ইপিএফ সদস্য থাকাকালীন পড়াশোনার জন্য ১০ বার পর্যন্ত টাকা তুলতে পারবেন।
৬. বিবাহের জন্য টাকা তোলা যাবে সর্বোচ্চ ৫ বার।
৭. চাকরি হারানো পর প্রয়োজন অনুযায়ী ৭৫% শতাংশ টাকা তোলার সুযোগ রয়েছে। বাকি ২৫ শতাংশ ভবিষ্যতের জন্য অ্যাকাউন্টে জমা থাকবে।

আরও পড়ুনঃ লাইনে দাঁড়ানোর ঝামেলা শেষ, ২৪ ঘণ্টাই মিলবে সামগ্রী! রাজ্যে চালু রেশন ATM পরিষেবা

EPFO অ্যাকাউন্ট থেকে আংশিক টাকা তোলার নিয়ম বেশ কিছুটা সরলীকৃত করা হলেও পুরো টাকা তোলার পদ্ধতিতে অবশ্য খুব একটা সহজ নয়। অ্যাকাউন্ট থেকে পুরো টাকা তোলার জন্য কর্মীরদের বেশ কিছুটা সময় অপেক্ষা করতেই হবে।