ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি, দেখুন আজকের রেট

Published:

Indian Rupee

সৌভিক মুখার্জী, কলকাতা: ডলারের বিপরীতে শক্তিশালী হল ভারতীয় রুপি (Indian Rupee)। এশিয়ার মুদ্রাগুলির মূল্যবৃদ্ধি এবং অপরিশোধিত তেলের দাম কমার কারণে বুধবার সকালে লেনদেনের শুরুতেই মার্কিন ডলারের বিপরীতে রুপির দাম ৪ পয়সা বেড়ে ৯৫.৫৭ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। যদিও মঙ্গলবার ডলারের বিপরীতে দেশীয় মুদ্রার রেট ছিল ৯৫.৬২ টাকা। তবে সম্প্রতি তেলের দাম কিছুটা কমার কারণেই এই মূল্যবৃদ্ধি বলে মনে করছেন ফরেক্স ব্যবসায়ীরা।

ডলারের বিপরীতে শক্তি বৃদ্ধি ভারতীয় রুপির

সাম্প্রতিক সময়ে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছিল রুপি। তবে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ ফের মাথাচাড়া দিয়ে ওঠায় এবং হরমুজে অস্বস্তি বাড়ার কারণে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলারে গিয়ে ঠেকে। আর যেহেতু ভারতকে সিংহভাগ তেল বিদেশ থেকে আমদানি করতে হয়, তাই ডলারের উপর বাড়তি চাপ পড়ার কারণে রুপির দাম দিনের পর দিন তলানিতে ঠেকে। যেখানে বিশেষজ্ঞরা ৯৩ থেকে ৯৪-র স্তরকে টাকার জন্য শক্তিশালী বলে মনে করছিলেন, সেখানে ফের ৯৬ টাকার আশেপাশে ঘুরছে রেট।

তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, অপরিশোধিত তেলের দাম কিছুটা কমার কারণেই রুপি আজ শক্তিশালী হয়েছে। কারণ, তেলের দাম কমলে ভারতের আমদানি ব্যয়ের উপর চাপ কমে এবং মার্কিন মুদ্রার চাহিদা হ্রাস পেলে রুপির দাম বৃদ্ধি পায়। অন্যদিকে ডলার সূচক যা ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে শক্তি পরিমাপ করে থাকে, তা ০.১০ শতাংশ বেড়ে ১০০.৭০-এ লেনদেন হচ্ছিল বলেই দাবি রিপোর্টের। এছাড়া ফিউচার ট্রেডে বৈশ্বিক তেলের মানদণ্ড ব্রেণ্ট ক্রুডের দাম ০.৯৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৯৮.২৭ মার্কিন ডলারে।

আরও পড়ুন: বিজেপিতে যোগ বিরোধী শিবিরের ৮ বিধায়কের

কোটাক সিকিউরিটিজের কমোডিটি রিসার্চের প্রধান অনিন্দ্য ব্যানার্জি জানিয়েছেন, টাকার জন্য ৯৫.৫০ ও ৯৫.০০ স্তর এখন শক্তিশালী সাপোর্ট। অন্যদিকে ৯৬.৩০ থেকে ৯৬.৫০ জোনটিও টাকার জন্য গুরুত্বপূর্ণ স্তর হিসেবে কাজ করতে পারে। তবে সেক্ষেত্রে এই সীমার মধ্যে পৌঁছলে ভারতীয় রিজার্ভ ব্যাংক হস্তক্ষেপ করতে পারে বলেও জানিয়েছেন তিনি। যদিও টাকার দাম আজ কিছুটা ঘুরে দাঁড়ানোয় শেয়ারবাজারে পড়েছে ইতিবাচক প্রভাব।