বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুতেই ঠেকানো যাচ্ছে না ধস। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি (Indian Rupee) ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। এমতাবস্থায়, ভারতীয় মুদ্রার উপর চাপ কমাতে বিরাট পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। জানা যাচ্ছে, দেশের তিন তেল সংস্থা, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের ডলার যোগানোর জন্য বিশেষ ব্যবস্থা চালু করতে চলেছে RBI। যা কার্যকর হবে আগামী 12 অক্টোবর অর্থাৎ সোমবার থেকে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কার্যকর থাকবে এই ব্যবস্থা।
কী এমন করতে চলেছে RBI?
সাধারণত, আন্তর্জাতিক বাজার থেকে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল কিনতে ভারতীয় তেল সংস্থাগুলিকে বিপুল পরিমাণ মার্কিন ডলার খরচ করতে হয়। এতদিন এই চাহিদার জন্য সংস্থাগুলিকে বৈদেশিক মুদ্রার বাজারের উপর নির্ভর করতে হতো। তবে এবার থেকে কেন্দ্রীয় ব্যাঙ্কের বিশেষ ব্যবস্থার অধীনে নির্ধারিত ব্যাঙ্কের মাধ্যমে তিন সংস্থা নিজেদের প্রতিদিনের ডলারের চাহিদা মেটাতে পারবে। এর ফলে খোলা বাজারে ডলারের চাহিদার উপর চাপ কিছুটা কমবে, বলেই আশা করছেন ওয়াকিবহাল মহল।
বলে রাখা প্রয়োজন, আন্তর্জাতিক বাজারে যদি ডলারের চাহিদা বৃদ্ধি পায় সে ক্ষেত্রে স্বাভাবিকভাবেই ভারতীয় রূপির উপর চাপ বাড়ে। বিশেষ করে অপরিশোধিত তেলের দাম বাড়লে তেল আমদানির জন্য ভারতকে আরও বেশি ডলার খরচ করতে হয়। তবে RBI যে নতুন ব্যবস্থা এনেছে, সেই বিশেষ ব্যবস্থার লক্ষ্য হল, সরকারি তেল সংস্থাগুলির ডলারের চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা কমানোর পাশাপাশি রুপিকে সমর্থন যোগানো।
আরও পড়ুন: ছেলে আর্যবীর নয়! বৈভবের মধ্যেই নিজেকে খুঁজে পাচ্ছেন সেহবাগ, বললেন ‘ও আমার মতোই’
তবে, রিজার্ভ ব্যাঙ্কের এই এক পদক্ষেপের জন্য নিশ্চিতভাবে ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা বা রুপির মূল্য বাড়বেই এমনটা ধরে নেওয়ার প্রয়োজন নেই। তবে বিশেষজ্ঞরা বলছেন, রিজার্ভ ব্যাঙ্কের এই এক পদক্ষেপের ফলে ভারতীয় রুপি ওঠানামা নিয়ন্ত্রণে আসবে। একই সাথে বৈদেশিক মুদ্রার বাজারে অপ্রয়োজনীয় অস্থিরতা কিছুটা হলেও কমবে। তাতে ডলারের বিপরীতে শক্তিশালী হলেও হতে পারে রুপি। কিন্তু এটাও ঠিক, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম পরিবর্তন, ডলার শক্তিশালী হওয়া এবং বিদেশি বিনিয়োগের গতিপ্রকৃতি বদলের প্রভাব পড়বে ভারতের মুদ্রার উপর।










