বর্ষায় জেগে ওঠে এই আশ্চর্য সুন্দর ঝর্ণা, ঘুরে আসুন বীরভূমের খয়েরবানির জলধারা

Published:

Offbeat Destination Illambazar Khayerbani Waterfall

অনন্যা সরকার, কলকাতা: এই বর্ষায় ঘুরে আসতে চান কোনো নাম না জানা ঝর্নার কাছ থেকে? নদীর ধারে শান্ত নিরিবিলি পরিবেশে কাটাতে চান একান্ত সময়? তাহলে আপনাকে সন্ধান দিতে পারি এমন এক ঝর্নার, যা লুকিয়ে রয়েছে বীরভূমের (Offbeat Destination) প্রত্যন্ত প্রান্তরে। বর্ষায় হঠাৎই তার সমস্ত সৌন্দর্য নিয়ে জেগে ওঠে অজয় নদীর জলে পুষ্ট এই ঝর্না। এখানে এলে কুল কুল করে বয়ে চলা জলরাশির শব্দে ভরে উঠবে আপনার মন প্রাণ। সারা সপ্তাহের ক্লান্তি গা থেকে ঝেড়ে ফেলে বুক ভরে শান্তির প্রশ্বাস গ্রহণ করতে অনেক পর্যটকই বীরভূমের এই ঝর্নার সন্ধানে পাড়ি দেন উঁচু নিচু বন্ধুর পথে। এই নামহীন ঝর্নাটি রয়েছে বীরভূমের ইলালামবাজারে খয়েরবানি অঞ্চলে, তাই লোকমুখে এটি ইলামবাজার বা খয়েরবানি ঝর্না (Khayerbani Waterfall) হিসাবে পরিচিত। আসুন জেনে নেওয়া যাক কীভাবে পৌঁছাবেন বীরভূমের এই অচেনা জলপ্রপাতের কাছে।

বর্ষায় রূপ খোলে ইলামবাজারের এই ঝর্নার

ইলামবাজার বা খয়েরবানি মিনি জলপ্রপাতটি বীরভূমের ইলামবাজার জঙ্গল বা চৌপাহাড়ী জঙ্গলের মধ্যে অবস্থিত। বর্ষায় এবড়োখেবড়ো কাদা মাটির পথ পেরিয়ে যখন পৌঁছাবেন এই ঝর্নার কাছে তখন মনে হয় হবে বীরভূম নয় পৌঁছে গেছে মেঘালয়ের কোনো অচেনা গ্রাম্য ঝোরার কাছে। সমতল বীরভূম, যেখানে বড় কোনও পাহাড়ই নেই, সেখানে এই ধরনের প্রাকৃতিক জলধারা রয়েছে, তা হয়তো অনেকে কল্পনাও করতে পারেন না।

আরও পড়ুন: কলকাতার অদূরেই প্রকৃতি ও বন্যপ্রাণের সমাহার, বর্ষায় ঘুরে আসুন দেবরিগড় অভয়ারণ্য

তবে এই অবিশ্বাস্যভাবে তৈরি হওয়া ছোট ঝর্নাটির সৌন্দর্য পাহাড়ি ঝর্নার থেকে কম কিছু নয়। তাই স্থানীয় ভ্রমণপিপাসুরা বর্ষাকালে ভিড় জমান এই অফবিট স্পটে। শহুরে কোলাহল থেকে দূরে দূষণমুক্ত প্রাকৃতিক পরিবেশে নিরিবিলিতে কিছুটা সময় কাটানোর জন্য এটা একটি আদর্শ জায়গা। ঝর্নাটি ইলামবাজারের চৌপাহাড়ী শাল জঙ্গলের খুব কাছেই অবস্থিত হওয়ায় জঙ্গল ও জলধারা দুইয়ের এক আশ্চর্য মেলবন্ধন প্রত্যক্ষ করতে পারবেন এখানে। উচ্চতা ছোট হলেও পাথুরে খাঁজ বেয়ে বয়ে যাওয়া এই ঝর্নার দৃশ্য মুগ্ধ করবেই। 

আরও পড়ুন: বর্ষায় আকাল ইলিশের! কলকাতার বাজারগুলোতে কত দামে বিক্রি হচ্ছে রূপোলি শস্য?

কখন ও কীভাবে যাবেন?

বর্ষাকালে, সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই ঝর্না তার পূর্ণরূপে প্রকাশিত হয়। তাই ইলামবাজার ঝর্না দেখতে যাওয়ার আদর্শ সময় এটা। তবে শীতকালে জলের বেগ কমে গেলেও ঝর্নার ধারে সুন্দর প্রাকৃতিক পরিবেশে চড়ুইভাতি বা পিকনিক জমে যায়। কলকাতা থেকে বীরভূমের ইলামবাজার বা খয়েরবানি জলপ্রপাত দেখতে যাওয়ার জন্য রেল ও সড়ক – দুই পথই সুবিধাজনক। ট্রেনে যেতে চাইলে প্রথমে নামতে হবে বোলপুর – শান্তিনিকেতন অথবা দুর্গাপুর স্টেশনে। সেখান থেকে টোটো, ভাড়া গাড়ি পাবেন, যা চৌপাহাড়ী জঙ্গল হয়ে সরাসরি ইলামবাজার খয়েরবানি ঝরনায় পৌঁছে দেবে। আর বাসে করে যেতে চাইলে কলকাতার ধর্মতলা থেকে বোলপুর বা সিউড়ীগামী যেকোনো সরকারি বা বেসরকারি বাসে উঠে ইলামবাজার বাস স্টপেজে নেমে টোটো ভাড়া করে পৌঁছানো যায় এই স্পটে।