আসল ভেবে নকল কিনছেন না তো? জানুন ভেজাল পনির চেনার সহজ উপায়

Published:

Real Vs Fake Paneer

অনন্যা সরকার, কলকাতা: ভারতীয়দের হেঁসেলে পনির একটি গুরুত্বপূর্ণ উপকরণ। বিশেষ করে নিরামিষভোজীদের জন্য দুগ্ধজাত পনিরকে প্রোটিন ও ক্যালসিয়ামের সবচেয়ে সহজ উৎস হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বর্তমানে বাজার ছেয়ে গেছে নকল পনিরে (Fake Paneer)। কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত উপার্জন করার জন্য ভেজাল পনির বিক্রি করে সাধারণ মানুষদের স্বাস্থ্যঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। এই সব নকল পনির সুস্বাস্থ্যের পরিবর্তে নানা শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ইউরিয়া ও স্টার্চের মতো ক্ষতিকারক উপাদান ব্যবহার করে এই ভেজাল পনির তৈরি করা হচ্ছে। তাই দোকান থেকে পনির কেনার আগে সতর্ক হয়ে যান। জেনে নিন কীভাবে চিনবেন আসল ও নকল পনির। 

নকল ও আসল পনির চেনার সহজ উপায়

আপাত দৃষ্টিতে নকল পনির দেখতে ধবধবে সাদা সাধারণ পনিরের মতোই। কিন্তু এর রূপে ভুলে বাড়ি নিয়ে আসলেই বিপদ। ভেজাল পনির যদি নিয়মিত রান্নায় পড়ে তাহলে স্বাস্থ্যহানির সম্ভাবনা প্রবল। তবে কয়েকটি সহজ উপায় রয়েছে, যা দিয়ে আপনি আসল ও নকল পনিরের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন।

১. প্রথমেই পনিরের গঠন দেখতে হবে। সাধারণত টাটকা আসল পনির নরম ও হালকা দানাদার হয়। সেখানে নকল পনির রবারের মতো শক্ত হয়ে থাকে। 

২. আসল ও নকল পনিরের মধ্যে রঙের সামান্য পার্থক্যও দেখা যায়। সাধারণ পনিরের রঙ দুধের রঙের মতো, অর্থাৎ এতে ঈষৎ হলুদ আভা থাকে। কিন্তু নকল, অ্যানালগ পনিরগুলি ধবধবে সাদা হয়।

আরও পড়ুন: ঘরোয়া উপকরণেই কালচে ভাব দূর করুন ঠোঁটের, রইল টিপস

৩. গন্ধ দিয়েও চিনে নিতে পারেন আসল পনির। কারণ আসলে পনিরে দুধের মতো গন্ধ পাওয়া যায়। সেখানে নকল পনির থেকে কৃত্রিম, কেমিক্যালের গন্ধ বের হয়। 

৪. আসল পনির মুখে দিলে হালকা দুধের বা মালাইয়ের প্রাকৃতিক স্বাদ মেলে এবং পনির সাধারণত সামান্য মিষ্টি হয়। অন্যদিকে, নকল পনিরের স্বাদ অতিরিক্ত টক বা তেতো হতে পারে। এতে অদ্ভুত সাবানের মতো স্বাদও পাওয়া যায়।

৫. রান্না করার পরও আসল পনির নরম থাকে। সেখানে নকল পনির রবারের মতো অতিরিক্ত শক্ত হয়ে যায়।

এই সমস্ত লক্ষণগুলি আসল ও নকল পনির চিনে নিতে সাহায্য করে। তবে শুধু বাড়িতে সাধারণ পরীক্ষা বা খালি চোখে পরখ করলেই নিশ্চিতভাবে বলা যায় না যে, পনিরে ভেজাল আছে না নেই। ভেজাল নিশ্চিতভাবে নির্ণয় করার জন্য স্বীকৃত ফুড টেস্টিং ল্যাবে পরীক্ষা করানোই সবচেয়ে নির্ভরযোগ্য উপায়।

আরও Paneer