সৌভিক মুখার্জী, কলকাতা: গরম পড়তেই সাধারণ মানুষের পকেটে টান ধরাচ্ছে বিদ্যুতের বিল। কারণ, এসি থেকে শুরু করে ফ্রিজ, ফ্যান একেবারে দেদার চলছে। যার কারণে মাস শেষে বিদ্যুতের বিল দেখে ঘাম ছুটছে আমজনতার। কিন্তু চিন্তার কারণ নেই। সামান্য বুদ্ধি খাটালেই আর বুঝেশুনে কাজ করতে পারলেই বিদ্যুতের বিল অর্ধেক হয়ে যাবে (Electricity Bill Reduce Tips)। এই প্রতিবেদনে আজ এমনই কিছু ট্রিক্স দেব, যেগুলি মেনে চললে পকেটের খরচ অনেকটাই বাঁচবে।
বুঝে শুনে ব্যবহার করুন এসি
গরমকালে বিদ্যুতের বিল বেশি আসার পেছনে সবথেকে বড় কারণ এসি। কারণ, ফ্যানের হাওয়া গুমোট গরম। সিংহভাগ মানুষ এসি ব্যবহার করে গরমে। কিন্তু এসি যদি সঠিকভাবে না চালানো হয় তাহলে বিদ্যুতের বিল বেশি আসবেই। আমরা সাধারণত ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে এসি চালিয়ে বসে থাকি, যাতে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হয়। তবে এটাই সবথেকে বড় ভুল। যদি এসির তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে পারেন তাহলে এসির কম্প্রেসারের উপর চাপ কম পড়বে এবং বিদ্যুতের বিল অনেকটাই কম আসবে।
তবে শুধু এটুকু করলেই হবে না। এসি চালানোর সময় অবশ্যই ঘরের দরজা জানলা সবকিছু বন্ধ রাখতে হবে। আর এসির সঙ্গে হালকা করে ফ্যান চালিয়ে দিন। এতে খুব তাড়াতাড়ি ঘর ঠান্ডা হয়ে যাবে এবং এসির উপরে চাপ কম পড়বে। যার ফলে বিলও সাশ্রয় হবে। এমনকি এসির ফিল্টার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন, যাতে তার মধ্যে ধুলোবালি না জমে।
বুঝেশুনে চালান কুলার
গরমকালে যদি ঠিকভাবে কুলার ব্যবহার করতে পারেন তাহলে বিদ্যুতের বিল অনেকটাই কম আসে। ভুলেও কোনও বন্ধ ঘরে কোনও সময় কুলার চালাবেন না। এতে কুলারের উপর চাপ বেশি পড়ে। তাই কুলার চালানোর সময় অবশ্যই ঘরে যাতে বাতাস ঢুকতে পারে এবং ঘরের গরম বাতাস বেরিয়ে যেতে পারে, সেইদিকে নজর রাখুন। পাশাপাশি কুলিং প্যাডগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। ওয়াটার ট্যাঙ্ক বা পাম্পটিও নিয়মিত পরীক্ষা করা উচিত। এতে কুলারের গতি বাড়বে এবং চাপ কম পড়বে। যার ফলে বিল কম আসবে।
ফ্রিজ ব্যবহারের সময় করবেন না এই ভুল
গরমকালে সাধারণত সবসময় ফ্রিজের উপর একটু বেশি চাপ পড়ে। তবে ফ্রিজই আপনার বিদ্যুতের বিল অনেকটা বাড়িয়ে দিতে পারে। ফ্রিজের দরজা বারবার খুলবেন না বা লাগাবেন না। এতে কুলিংয়ের উপর প্রভাব পড়ে। যার ফলে বিদ্যুতের বিল বেশি আসে। পাশাপাশি ফ্রিজের তাপমাত্রা সব সময় মাঝারি রাখার চেষ্টা করুন। একেবারে খুব দরকার না পড়লে লো করবেন না। আর ফ্রিজে কখনোই গরম খাবার রাখবেন না। এতে ফ্রিজের তাপমাত্রা বেড়ে যাবে এবং তার উপর চাপ বেশি পড়বে।
আরও পড়ুন: রেলে ডিজিটাল বিপ্লব! আগস্ট থেকে বদলাচ্ছে ৪০ বছরের পুরনো টিকিট বুকিং সিস্টেম
মাথায় রাখুন এগুলি
এগুলো তো হল। এবার বিদ্যুতের বিল বেশি আসার আরও একটি বড় কারণ হল ফ্যান। সবসময় বুঝেশুনে ফ্যান, লাইট ইত্যাদি জ্বালান। যখন ঘরে কেউ থাকবে না তখন অবশ্যই ফ্যানের সুইচগুলি অফ করে রাখার চেষ্টা করুন। পাশাপাশি ফিলামেন্টওয়ালা লাল বাল্ব জ্বালাবেন না। সবসময় এলইডি লাইট ব্যবহার করার চেষ্টা করুন। এতে বিদ্যুতের বিল অনেকটাই কমবে। টিভি চালানোর পর টিভিকে স্ট্যান্ডবাই মোডে রাখবেন না। সব সময় বোর্ড থেকে সুইচ অফ করে রাখার চেষ্টা করুন।










