সহেলি মিত্র, কলকাতাঃ দফায় দফায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে বাংলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘ ভাঙা বৃষ্টিপাত চলছে। একাধিক জায়গা জলমগ্ন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সকলকে। আজ শুক্রবার থেকে দিকে দিকে ঝড় বৃষ্টির তীব্রতা আরও বেশ খানিকটা বাড়বে বলে পূর্বাভাস (Weather Today) জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজও অনেক জায়গা জলমগ্ন হয়ে রয়েছে। তবে আরও যদি বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি খারাপ হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়ার দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শুক্রবার বজ্রবিদ্যুৎ থেকে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় রয়েছে। সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতায় মৌসুমি অক্ষরেখাটি এখন উত্তর রাজস্থান থেকে হরিয়ানা ও উত্তরপ্রদেশ হয়ে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর থাকা ঘূর্ণাবর্তটি এখন স্থান পরিবর্তন করে উত্তর পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে ৪.৫ এবং ৭.৬ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে আজ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, মালদা, এবং উত্তর দিনাজপুর জেলায়।
আগামীকালের আবহাওয়া
শনিবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনিও যদি উত্তরবঙ্গে থেকে থাকেন তাহলে জানিয়ে রাখি, শনিবার সেখানে অত্যাধিক ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়া ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়।










