প্রীতি পোদ্দার, কলকাতা: কম বেশি প্রত্যেকের বাড়িতেই মুরগির মাংসের (Chicken) নানা পদই (Recipe) রান্না হয়। অনেকে কষা মাংস খেতে ভালোবাসে তো অনেকে আবার চিকেনের পাতলা ঝোল খেতে ভালোবাসে। কিন্তু প্রতিবার একঘেয়েমি খাবার খেতে একদমই মন চায় না। তাইতো ভিন্ন স্বাদ চাখতে আজই বাড়িতে বানিয়ে ফেলুন চিকেন পটলের দোর্মা (Chicken Patol Dorma)। গরমের দিনে কম সময়ে খুব কম উপকরণ দিয়ে ঝটজলদি বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি।
উপকরণ
চিকেন পটলের দোর্মা বানানোর জন্য পটল, পেঁয়াজ, রসুন, চিকেনের বোনলেস পিস, নুন, চিনি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা রসুন বাটা, ঘি, সর্ষের তেল।
রান্নার পদ্ধতি
চিকেন পটলের দোর্মা বানানোর জন্য প্রথমে ভালো করে পটলগুলো ধুয়ে সেগুলির খোসা হালকা করে ছেঁচে নিয়ে একদিকের মাথা কেটে ভেতরের অংশ চামচের পিছন বা ছুরি দিয়ে বের করে আলাদা করে রাখতে হবে। এবার বের করা ওই পটলের বীজ একটি ব্লেন্ডারে রসুনের কোয়া দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এবার চিকেনের বোনলেস পিসগুলো কেটে ছোট ছোট করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। অন্যদিকে পটলগুলোকে নুন এবং সামান্য হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে।
কড়াইতে সর্ষের তেল গরম করে এবার পটলগুলোকে ভেজে নিতে হবে। এরপর ওই একই তেলে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। তার সঙ্গে সামান্য চিনিও দিয়ে দিতে হবে। হালকা বাদামি রং না আসা পর্যন্ত পেঁয়াজগুলো ভাজতে হবে। এবার সামান্য আদা রসুন বাটা দিয়ে কিছুটা কষিয়ে নেব। ৫-৬ মিনিট পর পটল বীজ এবং রসুনের মিশ্রণটা ঢেলে দেব। ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর এবার চিকেনের মিশ্রণটাও অল্প অল্প করে ঢেলে নিতে হবে। মশলাটা কষানোর সময় সামান্য নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ব্যাস তাহলেই তৈরি পটলের পুর।
আরও পড়ুন: নিরামিষ পদে আসবে রাজকীয় স্বাদ! বানান শাহী পটলের দোর্মা, চেটেপুটে খাবে সবাই
এবার পুড় গুলো ঠান্ডা হলে ভালো করে ভেজে রাখা পটল গুলোর মধ্যে ভরে নিতে হবে। এবার গ্রেভি বানানোর সময় একটি কড়াইতে সামান্য সর্ষের তেল নিয়ে ওর মধ্যে সামান্য চিনি নিয়ে নিতে হবে। আর তারপরেই পেঁয়াজ বাটা মিশিয়ে নিয়ে এবং সঙ্গে হলুদ গুঁড়ো, নুন এবং শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। মশলা কষে এলে পুর ভরা পটলগুলো দিয়ে দিতে হবে। শেষের দিকে নামানোর সময় সামান্য ঘি এবং গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিতে হবে। ব্যাস তাহলেই তৈরি চিকেন পটল দোর্মা










