প্রীতি পোদ্দার, কলকাতা: গরম পড়তে না পড়তেই খাবারের প্রতি অনিহা যেন বেড়ে যায়। কিন্তু শরীর সুস্থ রাখতে পুষ্টিকর এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাওয়া বেশ জরুরি। তাইতো এই সময় বাজারে এঁচোড়, ঝিঙে, পটল, ঢ্যাঁড়শের কদর বেশি। কারণ এই সকল সবজির মধ্যে জলের পরিমাণ অনেক বেশি থাকে। আমার অনেকেই কম বেশি ঝিঙে পোস্ত, ঝিঙে দিয়ে মাছের ঝোল খেয়ে থাকি, তবে আজ আমরা জেনে নেব এক অন্য স্বাদের রেসিপি (Recipe), আর সেটি হল ঝিঙের ঝোলবড়া (Jhinger Jhol Bora)। চলুন একনজরে জেনে নেওয়া যাক রান্নার পদ্ধতি।
উপকরণ
ঝিঙের ঝোলবড়া বানানোর জন্য যে যে উপকরণগুলো প্রয়োজন, সেগুলি হল – ঝিঙে, আলু, কাঁচা লঙ্কা, মটর ডাল, কালো জিরে, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাদা সর্ষে, পোস্ত, চিনি, সর্ষের তেল।
বানানোর পদ্ধতি
ঝিঙের ঝোলবড়া বানানোর জন্য প্রথমে একটি বাটিতে মটর ডাল নিয়ে সেটিকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। এবার ঝিঙে গুলোর খোসা ছাড়িয়ে ভালো করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। পাশাপাশি কয়েকটি আলুর খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। অন্যদিকে একটি ব্লেন্ডারে সাদা সর্ষে এবং পোস্ত বেটে নিতে হবে।
এবার একটি কড়াইতে সামান্য সর্ষের তেল নিয়ে ওর মধ্যে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর কেটে রাখা ঝিঙে এবং আলু গুলি দিতে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পর ওর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, নুন এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ২-৩ মিনিট পর এবার ওই মিশ্রণের মধ্যে অনেকটা জল দিয়ে দিতে হবে।
আরও পড়ুন: মাটির হাঁড়িতেই জমবে লোভনীয় আম দই, জেনে নিন বানানোর সহজ উপায়
এবার একটি ব্লেন্ডারে ভিজিয়ে রাখা মটর ডাল, কাঁচা লঙ্কা এবং সামান্য নুন ব্লেন্ড করে বড়া বানানোর মিশ্রণ তৈরি করে নিতে হবে। এবং ফুটতে থাকা ঝোলের মধ্যে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিতে হবে। ৫ মিনিট পর যখন সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আর মধ্যে দিয়ে দিতে হবে পোস্ত এবং সর্ষে বাটা। ভালো করে মাখিয়ে নেওয়ার পর চেখে নিতে হবে ওতে নুন ঠিকাছে কিনা, ব্যাস তাহলেই তৈরি ঝিঙের ঝোলবড়া।










