প্রীতি পোদ্দার, কলকাতা: গরমকাল মানেই আমের সময়। সকাল দুপুর রাত সবসময় চলে আমের রাজত্ব। আর আম ভালোবাসেন না এমন মানুষের সংখ্যাও চোখে দেখা যায় না। এদিকে আবার গরম পড়তেই অনেক বাচ্চা মাছ খেতে চান না, যতই সুস্বাদু রান্না (Recipe) করে দিন না কেন তাদের মাছ খাওয়ানো বড়ই ঝক্কির কাজ। তবে চিন্তা নেই এখন এই কাঁচা আম (Raw Mango) দিয়েই কাতলা মাছের ঝোল (Katla Fish Curry) রান্না করে দেখুন, কেমন চেটে পুটে খায় সকলে। চলুন একনজরে জেনে নেওয়া যাক কীভাবে রাঁধবেন এই পদ।
উপকরণ
আম কাতলা বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হল – কাতলা মাছ, আটি ছাড়ানো কাঁচা আমের ফালি, কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কালো ও সাদা সর্ষে বাটা, চিনি, সর্ষের তেল।
রান্নার পদ্ধতি
আম কাতলা বানানোর জন্য প্রথমে বাজার থেকে আনা মাছগুলোকে ধুয়ে নিতে হবে। এরপর নুন, হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে প্রায় ১০ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। অন্যদিকে কাঁচা আমের ফালিগুলোকে টুকরো টুকরো করে ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নেব। এবার একটি কড়াইতে সর্ষের তেল গরম করে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে এবার ওই একই তেলের মধ্যে কালো সর্ষে ফোড়ন দিয়ে দিতে হবে।
আরও পড়ুন: ব্রেকফাস্টে আনুন দক্ষিণী টুইস্ট! বাড়িতেই বানিয়ে নিন নীর ধোসা ও চাটনি
ফোড়ন দেওয়ার পর এবার কড়াইতে কাঁচা আমের পেস্টটা দিয়ে দিতে হবে। হালকা করে ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লংকাগুলো চিরে দিতে হবে। একটু নাড়াচাড়া করার পর হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর আবার ওই মশলায় মধ্যে কালো ও সাদা সর্ষে বাটা দিয়ে সামান্য কষিয়ে নিতে হবে। মশলা কষে এলে সামান্য চিনি, নুন এবং জল দিয়ে দিতে হবে। এবার ঝোল ফুটে এলে ভাজা মাছগুলো ঝোলে দিয়ে দিতে হবে। ৫ মিনিট পর ঝোল ফুটে এলে নামিয়ে নিতে হবে।










