বর্ষার দিনে বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে চিংড়ি ললিপপ, রইল রেসিপি

Published:

Prawn Lolipop

প্রীতি পোদ্দার, কলকাতা: বৃষ্টিভেজা দিনে চায়ের আড্ডা তখনই জমে যখন সঙ্গে কিছু মুচমুচে গরম গরম স্ন্যাকস খাওয়া যায়। তবে মুখরোচক খাবার (Snacks) মানেই সেই ধারাবাহিকভাবে চলা আলুর চপ, বেগুনি কিংবা পাঁপড়ভাজা। তাতে স্বাদ যেন খানিক ফিকে পরে যায়। তাই এবারের বর্ষায় না হয় অন্য স্বাদের কিছু ট্রাই করা যাক। খুব অল্প উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন চিংড়ি ললিপপ (Prawn Lolipop)। সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক বিস্তারিত।

উপকরণ

চিংড়ির ললিপপ বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল — চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুনকুচি, আদা কুচি, নুন, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ব্রেড ক্রামপ্স, পাতি লেবু, ডিম, সাদা তেল।

রান্নার পদ্ধতি

বাজার থেকে আনা চিংড়ি মাছ গুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে মাথা এবং লেজের অংশটা কেটে বাদ দিয়ে নিতে হবে। এবার চিংড়ি মাছ গুলোকে একটি ব্লেন্ডারে ভালো করে মিহি করে নিতে হবে। অন্যদিকে ধনেপাতা রসুন এবং আদা কুচি কুচি করে কেটে নিয়ে একটি ব্লেন্ডারে সেগুলোর পেস্ট বানিয়ে নিতে হবে। মশলার উপকরণ তৈরি হয়ে গেলে একটা বাটিতে চিংড়ি বাটা, ধনেপাতা রসুন এবং আদা বাটা, নুন হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

মসলাগুলো দিয়ে চিংড়ি বাটাটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর তার মধ্যে সামান্য ব্রেড ক্রামপ্স এবং পাতিলেবুর রস ছড়িয়ে দিয়ে আবার পুরোটা মেখে নিতে হবে। মেরিনেট করার পাঁচ থেকে দশ মিনিট পর এবার সেই মিশ্রণটিকে অল্পটুকু করে হাতে গোল পাকিয়ে রেখে দিতে হবে। গোল পাকানোর পর ওপর দিয়ে চিংড়ি মাছের যে লেজটা কেটে নেওয়া হয়েছিল সেটা গেথে দিতে হবে।

আরও পড়ুন: বাড়িতেই বানিয়ে ফেলুন ধনেপাতার কাতলা, স্বাদ হবে দ্বিগুণ

এবার দুটি আলাদা পাত্র নিয়ে একটির মধ্যে ডিম ফাটিয়ে নিতে হবে এবং অপরটির মধ্যে ব্রেড ক্রামপ্স নিয়ে নিতে হবে। গোল করে পাকিয়ে রাখা চিংড়ির বল গুলোকে এবার প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামপ্সের মধ্যে ফের চুবিয়ে নিয়ে মোটা লেয়ার করে নিতে হবে। অন্যদিকে কড়াইতে সাদা তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে এলে এক এক করে চিংড়ির বল গুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না হালকা ব্রাউন শেড আসছে ততক্ষণ এই বল গুলোকে ভাজতে হবে। ব্যাস তাহলেই তৈরি চিংড়ির ললিপপ।

আরও Fish Prawn Recipe