চুপিসারে গ্রাহকদের বড় ঝটকা দিল ICICI ব্যাঙ্ক, বাড়িয়ে দিল খরচ

Published:

ICICI Bank

সৌভিক মুখার্জী, কলকাতা: গ্রাহকদের বিরাট ঝটকা দিল আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank)। নিঃশব্দে ইন্টারন্যাশনাল ট্রানজেকশন ফি বাড়িয়ে দিল দেশের বেসরকারি এই ব্যাঙ্ক। কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে এবার ডাইনামিক কারেন্সি কনভার্সন চার্জ (Dynamic Currency Conversion Charge) একধাক্কায় অনেকটাই বাড়ানো হচ্ছে। এমনকি আগামী ২১ জুন থেকেই এই নিয়ম কার্যকর হবে। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, এতদিন ধরে লেনদেনের জন্য গ্রাহকদের যেখানে মাত্র ১ শতাংশ চার্জ দিতে হতো, আগামী মাস থেকেই সেই চার্জ তিনগুণ বেড়ে সরাসরি ৩.৫ শতাংশ হতে চলেছে।

কাদের দিতে হবে এই বাড়তি চার্জ?

আসলে ব্যাঙ্কের এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে বিশেষ করে দুটি ক্ষেত্রেই। প্রথমত, আপনি যদি বিদেশে গিয়ে কোনও হোটেল, রেস্তোরাঁ বা শপিংমলে কেনাকাটার পর আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন সেক্ষেত্রে। দ্বিতীয়ত, আপনি যদি ভারতে নিজের বাড়িতে বসে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম বা অন্য যে কোনও বিদেশি ওটিটি প্ল্যাটফর্ম বা গেমিং অ্যাপ কিংবা গ্লোবাল ই-কমার্স ওয়েবসাইটে থেকে কেনাকাটা করেন এবং সংশ্লিষ্ট মার্চেন্ট বা পেমেন্ট নেটওয়ার্ক যদি ভারতের বাইরে নিবন্ধিত হয়, সেক্ষেত্রে এই বাড়তি চার্জ গুনতে হবে।

কী এই ডাইনামিক কারেন্সি কনভার্সন?

বলতে গেলে, যখন আপনি বিদেশে বা কোনও আন্তর্জাতিক পোর্টালে কেনাকাটা করেন, তখন নতুন পেমেন্ট অ্যাকাউন্ট সোয়াইপ বা চেকআউট করার সময় পিওএস মেশিন বা স্ক্রিনে শুধুমাত্র দুটি বিকল্প দেখা যায়। সেগুলি হল—আপনি স্থানীয় বিদেশী মুদ্রাতে বিল মেটাতে চান, নাকি আপনার দেশের মুদ্রা অথবা ভারতীয় রুপিতে বিল মেটাতে চান। আর অনেক গ্রাহক হিসেবে সুবিধার জন্যই স্ক্রিনে ভারতীয় রুপি দেখে সেই বিকল্প বেছে নেয়। এই বিদেশী মুদ্রাকে সঙ্গে সঙ্গে ভারতীয় রুপিকে কনভার্ট করে বিল দেখানোর সুবিধাকেই বলা হয় ডাইনামিক কারেন্সি কনভার্সন বা ডিসিসি।

আরও পড়ুন: সস্তায় এসিতে সৈকত নগরী ভ্রমণ! শুরু হল শ্রীরামপুর-দিঘা বাস, জানুন রুট ও ভাড়া

আপাতভাবে দেখতে গেলে, এটি খুব সুবিধাজনক মনে হলেও আগামী ২১ জুনের পর থেকে এই রুপি পেমেন্টের বিকল্প বেছে নিলে বেশি পরিমাণে চার্জ গুনতে হবে। এমনকি মূল বিলের উপর অতিরিক্ত ৩.৫% টাকা জরিমানা বা ফি ধার্য করা হবে। আর অনেক সময় কোনও বিদেশি ওয়েবসাইট বা ডিলারের কাছ থেকে জিনিস কেনার সময় স্ক্রিনে ভারতীয় রুপির বিকল্প দেখায়। কিন্তু যেহেতু ওই ব্যবসায়ী বা মার্চেন্ট ভারতের বাইরে নিয়ন্ত্রনের আওতায়, আতি আপনার অজান্তেই সেখান থেকেই এই চার্জ কেটে নেওয়া হবে এবং অতিরিক্ত চার্জ আপনার ব্যাঙ্ক থেকেই কাটবে।