অনন্যা সরকার, কলকাতা: বর্তমানে মহাকাশ বিজ্ঞানীদের মনে আশঙ্কা ও অনিশ্চয়তার মেঘ ঘনীভূত হচ্ছে। শোনা যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) পুরোনো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুইফ্ট অবজারভেটরি (Swift Observatory) বিপদের মুখে পড়েছে। এটি ধীরে ধীরে পৃথিবীর দিকে নেমে আসছে। সময়মতো এটিকে আবার কক্ষপথে স্থাপন করতে না পারলে, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় পুড়ে ছাই হয়ে যাবে মহামূল্যবান এই স্যাটেলাইট। নাসা কোনভাবেই এই টেলিস্কোপটিকে অকেজো হতে দিতে চায় না। কেননা, সুইফ্ট মহাকাশ থেকে ক্রমাগত গবেষণা সংস্থাকে গুরুত্বপূর্ণ তথ্য পাঠিয়ে চলেছে। স্যাটেলাইটটি মূলত গামা-রে বার্স্ট-এর মতো মহাবিশ্বের অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ এবং অন্যান্য বড় মহাজাগতিক ঘটনাগুলিকে পর্যবেক্ষণ করে।
হাজার হাজার কোটি টাকা খরচ করে বাঁচানোর চেষ্টা সুইফ্টকে
সুইফ্ট অবজারভেটরি ২০০৪ সালে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল। দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করে চলেছে এই কৃত্রিম উপগ্রহ। তবে দীর্ঘদিন ধরে ক্রমাগত কাজ করে চলার ফলে এর ব্যাটারিগুলো এখন দুর্বল হয়ে পড়ছে। এর সোলার প্যানেলগুলো আগের মতো দক্ষতার সাথে কাজ করতে পারে না। এই কারণেই এটি ধীরে ধীরে তার কক্ষপথ থেকে নীচের দিকে নেমে আসছে। এটিকে বাঁচাতে এখন নাসা মরিয়া হয়ে একটি বড় পদক্ষেপ নিয়েছে। ক্যাটালিস্ট স্পেস টেকনোলজিস নামের মহাকাশ সংস্থাকে বিশেষ দায়িত্ব দাওয়া হয়েছে। তারা সুইফ্টকে ওপরের কক্ষপথে ফিরিয়ে আনার জন্য বুস্টার সিস্টেম সরবরাহ করবে বলে জানা গেছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এই মিশনে প্রায় ৩০ মিলিয়ন ডলার খরচ হবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৮০ কোটির টাকার সমান। এই মিশনের লক্ষ্য হলো সুইফ্ট স্যাটেলাইটের মেয়াদ বাড়ানো এবং এটিকে নিরাপদ কক্ষপথে ফিরিয়ে দেওয়া।
সুইফ্টকে বাঁচানোর জন্য নাসা পেগাসাস (Pegasus) রকেট ব্যবহার করবে বলে জানা গেছে। এই মিশনটি নানা দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ প্রথমবারের জন্য একটি পুরনো স্যাটেলাইটকে বাঁচানোর জন্য এইধরনের মহাকাশ অভিযান চালানো হচ্ছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন যে, সুইফ্ট এখনও তার কাজ সঠিকভাবে করছে এবং মহাবিশ্ব সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ক্রমাগত পৃথিবীতে পাঠিয়ে চলেছে। তাই, এই স্যাটেলাইটকে বাঁচানো নাসার কাছে খুবই জরুরি হয়ে পড়েছে। শুধু সুইফ্ট নয়, নাসার বিখ্যাত হাবল স্পেস টেলিস্কোপও (Hubble Space Telescope) এই মুহূর্তে ঝুঁকির মধ্যে রয়েছে। প্রায় ৩৬ বছর আগে মহাকাশে প্রেরণ করা হাবল টেলিস্কোপটিও ধীরে ধীরে পুরোনো হয়ে যাচ্ছে এবং এটিও ভবিষ্যতে পৃথিবীর দিকে নেমে আসতে পারে।
আরও পড়ুনঃ জুলাই থেকেই কমবে বিদ্যুতের বিল, বিরাট সিদ্ধান্ত রাজ্য সরকারের
নাসার বিজ্ঞান প্রধান নিক ফক্স (Nicola Fox) জানিয়েছেন যে, সুইফ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে, তাই নাসা এটিকে হারাতে চায় না। আশা করা যায়, আগামী অক্টোবর মাসের মধ্যেই মিশনটি শেষ হবে। যেহেতু সেপ্টেম্বর মাসের মধ্যেই সুইফ্টের কক্ষপথ সংশোধন করার প্রয়োজন হতে পারে, তাই নাসা যত দ্রুত সম্ভব উদ্ধার অভিযানটি শুরু করার জন্য জোর কদমের প্রস্তুতি নিচ্ছে।










