অনন্যা সরকার, কলকাতা: কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা প্রোৎসাহন (PM-USP Scholarship) কেন্দ্রীয় বৃত্তি প্রকল্পটির মাধ্যমে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা করে থাকে। এটি দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য শিক্ষা মন্ত্রক দ্বারা পরিচালিত অন্যতম বৃহত্তম স্কলারশিপ প্রোগ্রাম। এই বৃত্তিটি সেইসব পড়ুয়াদের সাহায্য করার জন্য চালু করা হয়েছিল, যারা দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ৮০তম পার্সেন্টাইলের ওপরে নম্বর পেয়ে কোনো নিয়মিত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়েছেন। এবার জাতীয় বৃত্তি পোর্টালে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপ প্রোগ্রামের রিনিউয়াল উইন্ডো খুলে গেছে। আসুন এই বৃত্তি প্রকল্পের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া সহ সম্পূর্ণ বিবরণ জেনে নেওয়া যাক।
মেধাবী ছাত্রছাত্রীদের জন্য প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা প্রোৎসাহন বৃত্তি প্রকল্প
প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা প্রোৎসাহন (পিএম-ইউএসপি) প্রকল্পের অধীনে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্রীয় বৃত্তি প্রকল্প (CSSS) মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা চলাকালীন আর্থিক সহায়তা প্রদান করে। শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগ দ্বারা পরিচালিত এই প্রকল্পের মূল লক্ষ্য হল আর্থিকভাবে পিছিয়ে পড়া যোগ্য ছাত্রছাত্রীদের সহায়তা করা। তবে, নির্ধারিত যোগ্যতা এবং মেধার ভিত্তিতে এই সুবিধাগুলি পাওয়া যায়।
পিএম-ইউএসপি সিএসএসএস-এর নির্দেশিকা অনুসারে, শিক্ষার্থীদের একটি সাধারণ ডিগ্রি কোর্সের প্রথম তিন বছরের জন্য বার্ষিক ১২,০০০ টাকা দেওয়া হয়। এরপর একটি প্রোফেশনাল কোর্সের চতুর্থ এবং পঞ্চম বছরের জন্য বৃত্তির পরিমাণ বেড়ে বার্ষিক ২০,০০০ টাকা হয়। তবে আর্থিক সাহায্যের পরিমাণ সকল শিক্ষার্থীর জন্য একই নয় বরং এটি কোর্সের সময়কাল ও অন্যান্য শর্তাবলীর ওপর নির্ভর করে।
আরও পড়ুন: বছরে মিলবে ৫০ হাজার, স্বনাথ স্কলারশিপে পড়ুয়াদের দারুণ সুযোগ দিচ্ছে সরকার
জানিয়ে রাখি, যেসব শিক্ষার্থী গত বছর পিএম-ইউএসপি সিএসএসএস স্কলারশিপের জন্য নির্বাচিত হয়েছিলেন, তারা পরবর্তী শিক্ষাবর্ষের জন্য এটি রিনিউ করতে পারবেন শুধুমাত্র যদি তারা কোনো বিরতি বছর ছাড়া একই নিয়মিত, পূর্ণকালীন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোর্স চালিয়ে যান।
এর পাশাপাশি, শিক্ষার্থীর উপস্থিতি অবশ্যই নির্ধারিত হারের (সাধারণত প্রায় ৭৫%) ওপর থাকতে হবে এবং উপস্থিতির হার কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃক নিশ্চিত করতে হবে। এই বৃত্তিটি শুধুমাত্র সেইসব শিক্ষার্থীদের জন্য, যারা একই কোর্সের জন্য অন্য কোনো কেন্দ্রীয় সরকারি স্কলারশিপ বা ফি রিফান্ড পাচ্ছেন না।
আরও পড়ুন: একই PAN দিয়ে ২৫ হাজার সম্পত্তির রেজিস্ট্রি, ৫৫ হাজার কোটির লেনদেন! তদন্তে আয়কর
এছাড়াও, এই বৃত্তি পেতে গেলে পারিবারিক আয়ের শর্তাবলী পূরণ করতে হবে এবং নতুন আবেদনের সময় জমা দেওয়া ইনকাম সার্টিফিকেটটি অবশ্যই বৈধ এবং নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। উল্লেখযোগ্যভাবে, এই রিনিউ প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় নয়। এমনকি যে শিক্ষার্থীরা সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদেরও প্রতি বছর নির্ধারিত সময়সীমার আগে লগ ইন করে পুনরায় আবেদন করতে হবে।
স্কলারশিপ প্রোগ্রামের রিনিউয়ালের জন্য আবেদন করার শেষ তারিখ
জাতীয় বৃত্তি পোর্টালে বর্তমানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য পিএম-ইউএসপি সিএসএসএস নবায়নের আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে এবং শিক্ষার্থীদের ৩১ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শেষ করতে হবে। শিক্ষার্থী পর্যায়ের শেষ তারিখের পর, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবেদনপত্র যাচাই করার জন্য সময় পাবে ও প্রতিষ্ঠান পর্যায়ের এই যাচাই প্রক্রিয়াটি ১৫ নভেম্বর সম্পন্ন হবে বলে জানা গেছে।










