UPSC-র জন্য ছেড়েছেন গুগলের মোটা বেতনের চাকরি, বিনা কোচিংয়ে র‍্যাঙ্ক ১, আজ IAS অনুদীপ

Published:

UPSC Success Story of IAS Anudeep Durishetty

অনন্যা সরকার, তেলেঙ্গানা: প্রতি বছর বহু তরুণ-তরুণী ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার বসেন। নিষ্ঠা, অধ্যাবসায় ও কঠোর পরিশ্রমের জোরে এই হাজার হাজার পরীক্ষার্থীর মধ্যে থেকে কিছু যোগ্য ব্যক্তিই সাফল্য অর্জন করতে পারেন। তেলেঙ্গানার অনুদীপ দুরিশেট্টি এমনই এক উদ্যমী তরুণ, যার চোখে ছিল আইএএস (IAS) অফিসার হওয়ার স্বপ্ন এবং তা অর্জনের জন্য দিনরাত পরিশ্রম করে গেছেন তিনি (UPSC Success Story of IAS Anudeep Durishetty)। এমনকি গুগলের লক্ষ লক্ষ টাকার চাকরিও ছেড়ে দিয়েছিলেন। আজ অনুদীপ একজন সফল আইএএস অফিসার। তাঁর সাফল্যের কাহিনীটি লক্ষ লক্ষ ইউপিএসসি অ্যাসপিরেন্টের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। 

চাকরির পাশাপাশি ইউপিএসসি-এর জন্য কঠোর প্রস্তুতি

তেলেঙ্গানার বাসিন্দা অনুদীপ দুরিশেট্টি শ্রী সূর্যোদয় হাই স্কুল থেকে তার স্কুলজীবন শেষ করে ইঞ্জিনিয়ারিং পড়বেন বলে ঠিক করেন। তিনি ২০১১ সালে বিটস পিলানি (BITS Pilani) থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। ইঞ্জিনিয়ারিংয়ে ক্যারিয়ার গড়তে চাইলেও, ভাগ্য অনুদীপের জন্য অন্য কিছু নির্ধারণ করে রেখেছিল।

ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করে অনুদীপ গুগলের মতো নামী বহুজাতিক প্রযুক্তি কোম্পানিতে চাকরি পান। তাঁকে কয়েক লক্ষ টাকার স্যালারি প্যাকেজ অফার করা হয়। কিন্তু এই সময়ই ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা তাঁর দৃষ্টি আকর্ষণ করে। তিনি ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে ওঠেন। তিনি দিনে অফিসে কাজ করতেন, আর রাতে ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেন।

আরও পড়ুন: টানা চারবার UPSC ক্র্যাক, IAS হওয়ার সুযোগ পেয়েও প্রত্যাখ্যান করেন শ্রেয়া, তারপর হন …

অনুদীপ কঠোর পরিশ্রম করে গেছেন, কিন্তু আইএএস অফিসার হওয়ার যাত্রাটা মোটেই সহজ ছিল না। ২০১২ সালে তিনি প্রথমবারের মতো ইউপিএসসি পরীক্ষায় বসেন, কিন্তু ব্যর্থ হন। তবুও তিনি হাল ছাড়েননি। গুগলে কাজ করার পাশাপাশি তিনি ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রস্তুতি চালিয়ে যান। ২০১৩ সালে তিনি আবার পরীক্ষা দেন এবং এবছর সর্বভারতীয় স্তরে ৭৯০ র‍্যাঙ্ক অর্জন করেন। তিনি ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (IRS)-এর জন্য নির্বাচিত হন এবং কাস্টমস ও সেন্ট্রাল এক্সাইজ বিভাগে সহকারী কমিশনার পদে নিযুক্ত হন।

কিন্ত আইআরএস-এ সুযোগ পাওয়ায় তাঁর আইএএস অফিসার হওয়ার স্বপ্ন অপূর্ণই থেকে যায়। তাই আবার পরীক্ষা দেওয়ার সংকল্প করেন। ২০১৪ ও ২০১৫ সালে পরপর দুবছর পরীক্ষায় বসেন, তবে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেননি। কিন্তু তখনও তাঁর সংকল্প অটুট ছিল। নিজের ভুলগুলি থেকে শিক্ষা নেন এবং  ২০১৭ সালে কোনও কোচিং ছাড়াই ইউপিএসসি পরীক্ষায় সর্বভারতীয় র‍্যাঙ্ক-১ অর্জন করেন জাতীয় টপার হন।