অনন্যা সরকার, কলকাতা: দারিদ্র্য, সীমিত সম্পদ এবং সামাজিক চাপের কাছে নতিস্বীকার করে অনেক মানুষকেই নিজের স্বপ্নের রাস্তা থেকে সরে আসতে হয়। কিন্তু সকল প্রতিকূলতার সাথে লড়াই করে প্রতাপ গোপেন্দ্র নিজের ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নেন এবং তাতে সফল হয়ে দেখান (UPSC Success Story of IPS Pratap Gopendra)। শৈশব কেটেছে গরু ও মহিষ চরিয়ে, কিন্তু বড় হয়ে তিনি প্রতিজ্ঞা করেন যে চাকরি না পাওয়া পর্যন্ত তিনি বাড়িই ফিরবেন না। তারপর একদিন সব বাধা-বিপত্তি কাটিয়ে তিনি ইউপিএসসি (UPSC) পাস করে আইপিএস (IPS) অফিসার হয়ে প্রতিজ্ঞা রাখেন। আসুন প্রতাপ গোপেন্দ্রের এই অনুপ্রেরণা যোগানো সাফল্যের কাহিনীটি জেনে নেওয়া যাক।
গরু-মহিষ চরানো থেকে ইউপিএসসি-এর যাত্রা
প্রতাপ গোপেন্দ্রের বেড়ে ওঠা গ্রামের এক অতি সাধারণ পরিবারে। ছোটবেলায় তার সময় কাটতো মাঠে গরু ও মহিষ চরিয়ে। সংসারে ছিল প্রবল আর্থিক অনটন। তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত বস্তার ওপর বসে পড়াশোনা করেছিলেন। সেসময় জীবনে তার কোনো স্পষ্ট লক্ষ্য ছিল না, এমনকি কোনো বড় স্বপ্নও দেখেননি তিনি। তবে কঠিন পরিস্থিতিই তাকে শক্তিশালী করে তোলে।
তার বাবা গ্রামে একটি ছোট ডিসপেনসারি চালাতেন। পরিবারের আয় ছিল কম, তবুও তিনি জীবনে কিছু বড় করার স্বপ্ন দেখতেন। ইন্টারমিডিয়েটের পর কোনো স্পষ্ট কর্মজীবনের পরিকল্পনা করেননি প্রতাপ। তিনি বারাণসীর উদয় প্রতাপ কলেজ থেকে বি.এসসি পাস করেন। স্নাতক ডিগ্রি শেষ করার পর, তিনি ইউপিএসসি এবং ইউপিপিসিএস-এর জন্য প্রস্তুতি শুরু করবেন বলে ঠিক করেন। সেই উদ্দেশ্যে তিনি ২০০৫ সালে এলাহাবাদে (বর্তমানে প্রয়াগরাজ) গিয়ে পড়াশোনা শুরু করেন। এলাহাবাদে প্রস্তুতি নেওয়ার সময় তিনি প্রাণিবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা দিয়ে শুরু করেছিলেন, কিন্তু বিষয়টি নিয়ে তার মনে আত্মবিশ্বাসের অভাব ছিল। তাই বিষয় পরিবর্তনের সিদ্ধান্ত নেন, যা তার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়। বন্ধুদের পরামর্শে তিনি ইতিহাস ও দর্শন বেছে নেন। এরপরই কঠোর পরিশ্রম ও ধৈর্যের পরীক্ষা শুরু হয়।
প্রতাপ গোপেন্দ্র বলেন, বিষয় নির্বাচন করার পর তার কোচিংয়ের প্রয়োজন ছিল, কিন্তু তার ফি জোগাড় করতে নাজেহাল অবস্থায় পড়তে হয়। শুধুমাত্র ইতিহাস কোচিংয়ের জন্যই তার কাছে ৩,০০০ টাকা চাওয়া হয়েছিল এবং অনেক অনুনয়-বিনয়ের পর ২,৫০০ টাকায় রফা হয়। তবে, সেই সময়ে একসঙ্গে ২,৫০০ টাকা দেওয়াও তার পক্ষে সম্ভব ছিল না, তাই তিনি মোট পাঁচটি কিস্তিতে কোচিং ফি শোধ করেন।
আরও পড়ুনঃ কমছে ইলিশের উৎপাদন! ব্যর্থ হয়েছে প্রকল্প, চিন্তায় গবেষক মহল
কয়েকবার ব্যর্থ হওয়ার পর তিনি অবশেষে ২০০৮ সালে ইউপিএসসি প্রিলিমিনারি এবং মেইনস – দুই লেখা পরীক্ষাতেই উত্তীর্ণ হন, কিন্তু ইন্টারভিউতে নির্বাচিত হতে পারেননি। এএই বিরাট ধাক্কাতেও হতাশ না হয়ে তিনি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে হওয়ার সংকল্প নেন এবং ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন সফল আইপিএস অফিসার হন প্রতাপ গোপেন্দ্র। তিনি উত্তরপ্রদেশ ক্যাডারের ২০১২ ব্যাচের একজন অফিসার। বর্তমানে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (DIG) পদে আসীন রয়েছেন প্রতাপ। গ্রাম থেকে এসে দারিদ্র্যের সাথে প্রতিনিয়ত লড়াই করে ও এত বড় সাফল্য অর্জন করে প্রতাপ গোপেন্দ্র হয়ে উঠেছেন লক্ষ লক্ষ তরুণ-তরুণীর অনুপ্রেরণা।










