অনন্যা সরকার, মধ্যপ্রদেশ: যদি স্বপ্ন বড় হয় তাহলে পথে আসা প্রতিবন্ধকতাগুলোকে অনেক ছোট মনে হয়। মধ্যপ্রদেশের প্রাচী চৌহানের (UPSC Success Story of Prachi Chauhan) গল্পটাও এরকমই। অত্যন্ত সাধারণ পরিবার থেকে এসে ইউপিএসসি (UPSC)-র মতো কঠিন পরীক্ষায় সারা ভারতের মধ্যে ২৬০ র্যাঙ্ক অর্জন করেছেন তিনি। প্রাচী প্রমাণ করে দেখিয়েছেন যে, কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্প দিয়ে সবকিছুই সম্ভব। প্রচুর সুযোগ-সুবিধা ও কোচিংয়ের সাহায্য ছাড়াই, তিনি তাঁর অধ্যাবসায়, নিষ্ঠা, শৃঙ্খলাপরায়ণতা এবং সঠিক কৌশলের মাধ্যমে সাফল্যের শিখরে পৌঁছেছেন। তাঁর এই সাফল্য আজ লক্ষ লক্ষ তরুণ-তরুণীর কাছে অনুপ্রেরণার হয়ে উঠেছে। চলুন, প্রাচী চৌহানের জীবনের কাহিনীটি জেনে নেওয়া যাক।
সাধারণ কৃষক পরিবারের মেয়ের ইউপিএসি-এর সফর
মধ্যপ্রদেশের বিদিশা জেলার বাসিন্দা প্রাচী চৌহান এক সাধারণ কৃষক পরিবারে বেড়ে উঠেছেন। সীমিত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও, তিনি তাঁর কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে দেশের অন্যতম কঠিন সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ আইএএস (IAS) অফিসার হিসেবে কর্মরত।
আরও পড়ুন: ISRO-র পরীক্ষায় পাস, এরপর ২১ বছর বয়সে UPSC ক্র্যাক করে আজ IAS সুরভি
প্রাচী তাঁর গ্রামের সরকারি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করেন। এরপর তিনি গঞ্জবাসোদার সুভদ্রা শর্মা কলেজ থেকে বিএসসি (BSc.) ডিগ্রি অর্জন করেন। পড়াশোনায় বরাবরই মেধাবী ছিলেন প্রাচী। তাই ছোট থেকেই লেখাপড়ার ক্ষেত্রে তাঁর ভিত মজবুত ছিল, যা পরে তাঁকে ইউপিএসসি-এর প্রস্তুতিতেও প্রচুর সাহায্য করে। কলেজের সেকেন্ড ইয়ার থেকেই ইউপিএসসির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন তিনি।
আরও পড়ুন: দ্বাদশ ফেল, বিক্রি করেন সবজি! UPSC পাস করে আজ IAS নারায়ণ
তবে ইউপিএসসি পর্যন্ত তাঁর এই সফর মোটেই সহজ ছিল না। তিনি অনেক বাধার সম্মুখীন হন, কিন্তু হাল ছেড়ে দেননি। ছোটো থেকে মূলত হিন্দিতেই পড়াশোনা করেছেন, তাই হিন্দি মাধ্যমেই প্রস্তুতি নিয়েছিলেন প্রাচী। পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই বাড়ি থেকে অনলাইনেই প্রস্তুতি নিতেন। গ্রাম থাকাকালীন পরপর তিনবার ইউপিএসসি পরীক্ষায় বসেন প্রাচী চৌহান, কিন্তু সফল হতে পারেননি। তবে অবশেষে কোনও কোচিংয়ের সাহায্য ছাড়াই, স্ব-অধ্যয়নের মাধ্যমে ২০২৫ সালের ইউপিএসসি পরীক্ষার চতুর্থ প্রচেষ্টায় ২৬০ সর্বভারতীয় র্যাঙ্ক (AIR) অর্জন করে আইএএস অফিসার হয়েছেন প্রাচী। তাঁর বিশ্বাস, সঠিক পথে ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রম করে গেলে সাফল্য আসবেই।










