অনন্যা সরকার, মধ্যপ্রদেশ: ইউপিএসসি (UPSC) হল ভারতের অন্যতম কঠিন পরীক্ষাগুলির একটি। অনেকেই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস (IAS), আইপিএস (IPS) অফিসার হওয়ার স্বপ্ন দেখেন। লক্ষ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে নানা প্রতিকূলতাকে জয় করে কিছু সংখ্যকই অফিসার হতে পারেন। মধ্যপ্রদেশের বাসিন্দা সুরভি গৌতমের গল্পটিও এমনই জয়ের কাহিনী (UPSC Success Story of IAS Surabhi Gautam)। হিন্দি মিডিয়াম স্কুলে পড়া গ্রামের মেয়ে সুরভিকে একদিন ইংরেজি না জানার কারণে উপহাসের পাত্র হতে হয়েছে। আজ সেই মেয়েই সব বাধা জয় করে একজন আইএএস (IAS) অফিসার হয়ে প্রমাণ করে দেখিয়েছেন কঠোর পরিশ্রম ও ইচ্ছাশক্তির জোরে সব কিছুই করা সম্ভব। আসুন তাঁর এই সাফল্যের কাহিনীটি জেনে নেওয়া যাক।
গ্রামের সাধারণ মেয়ের স্বপ্নপূরণের যাত্রা
সুরভি গৌতম মধ্যপ্রদেশের সাতনার একটি ছোট গ্রামে বেড়ে উঠেছেন। শৈশব থেকেই তিনি অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন। স্কুলজীবনে পড়াশোনায় তিনি সবসময়ই দুর্দান্ত ফলাফল করতেন এবং রেজাল্টে সবসময়ই প্রথম স্থানাধিকারী হিসেবে তাঁর নামই লেখা থাকতো। এমনকি দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় তিনি ৯০ শতাংশ নম্বর পান। স্কুলের পড়াশোনা শেষ হওয়ার পর সুরভি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষায় অংশ নেন এবং সেখানেও কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। শুধু তাই নয়, তিনিই ছিলেন তাঁর গ্রামের প্রথম মহিলা, যিনি উচ্চশিক্ষার জন্য শহরে গিয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছেন। সুরভি ভোপালের একটি কলেজ থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ইউনিভার্সিটিতেও অসাধারণ ফলাফলের জন্য গোল্ড মেডেল পান।
আরও পড়ুন: পায়ে গুলি খেয়েও হটেনি পিছে! সন্ত্রাস বিরোধী অভিযানে সাহসিকতার জন্য বিশেষ সম্মান পেল টাইসন
ইউপিএসসি পরীক্ষার আগে সুরভি একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তার মধ্যে রয়েছে – এসএসসি সিজিএল (SSC CGL), বার্ক (BARC), গেট (GATE), সেল (SAIL), ইসরো (ISRO), আইইএস (IES), দিল্লি পুলিশ এবং এফসিআই (FCI)। উল্লেখযোগ্যভাবে, প্রত্যেকটি পরীক্ষাতেই তিনি উত্তীর্ণ হন। তবে এত সাফল্য সত্ত্বেও তাঁকে একটি বিষয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল, আর তা হলো ইংরেজি ভাষা। ছোট গ্রামে বেড়ে ওঠা ও হিন্দি মাধ্যমে পড়াশোনার কারণে ইংরেজিতে তাঁর দক্ষতা কম ছিল, ফলে তিনি সাবলীলভাবে এই ভাষায় কথা বলতে পারতেন না।
আরও পড়ুন: KBC-তে ৫০ লক্ষ জয়, তারপর প্রথম প্রচেষ্টাতেই UPSC ক্র্যাক, অসাধ্য সাধন বিকাশের
ইংরেজি ভাষা ভালোভাবে বলতে না পারার কারণে তাঁকে অনেকের উপহাসের শিকার হতে হয়েছিল। তবুও, সুরভি দমে যাননি। নিজের দুর্বলতাকেই নিজের শক্তি বানান। তিনি প্রতিদিন দশটি করে নতুন শব্দ শেখার অভ্যাস গড়ে তোলেন এবং ধীরে ধীরে ইংরেজি ভাষায় নিজের কথপোকথনের দক্ষতা বাড়িয়ে তোলেন। ২০১৬ সালে তিনি প্রথমবারের জন্য ইউপিএসসি পরীক্ষায় বসেন এবং সারা দেশের মধ্যে ৫০তম র্যাঙ্ক (AIR) অধিকার করে মাত্র ২১ বছর বয়সে একজন আইএএস অফিসার হওয়ার স্বপ্ন পূরণ করেন। বর্তমানে সুরভি গৌতম আহমেদাবাদে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর পদে দায়িত্ব পালন করছেন।










