প্রীতি পোদ্দার, কলকাতা: কলকাতার ফুটপাথ দখলমুক্ত করতে গিয়ে ফের বিপাকে পড়লেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। রাস্তার ধারেই এক মহিলাকে উনুনের উপরে দুধ ফোটাতে দেখে ক্ষুব্ধ হয়ে যান মন্ত্রী। তাঁকে ফুটপাথ (Agnimitra Paul milk controversy) থেকে সরে যেতে বলায় সোশ্যাল মিডিয়ায় (Social Media) ক্ষোভের মুখে পড়েন অগ্নিমিত্রা পাল। একের পর এক কটাক্ষ উঠে আসে তাঁকে ঘিরে এমনকি এই ঘটনায় বিরোধীদের তুমুল সমালোচনার মুখে পড়েছেন মন্ত্রী। আর তাই এবার নিজের অবস্থান নিয়ে মুখ খুললেন রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রী।
মুখ খুললেন অগ্নিমিত্রা পাল
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ সোমবার সমাজ মাধ্যমে নিজের একটি ভিডিও শেয়ার করে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। যেখানে ফুটপাতে উনুন জ্বালিয়ে শিশুর দুধ গরম করা নিয়ে ওই বৃদ্ধা ফুটপাতবাসীর প্রসঙ্গ তুলে লেখেন যে, “কোনো বাচ্চার মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি। সরে যেতে বলা হয়েছে। ওভাবে একটা ব্যস্ত রাস্তায় একটা বাচ্চা হামাগুড়ি দিচ্ছে, শুধু ওখানে নয়, এই দৃশ্য কলকাতার অনেক জায়গাতেই দেখা যায়। যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন এর দায় কে নেবে? যে বা যারা মানবিকতা দেখালেন কাল থেকে, তারা? যে সরকার বছরের পর বছর ধরে ফুটপাথে বসিয়েছেন মানুষদের, কর্মসংস্থান করেননি, শুধু মাত্র তোলাবাজি, ঘুষ আর যতরকমের দুর্নীতি হয়, সেটা করে গেছেন গত ১৫ বছর ধরে, তারা আজ জনদরদী?”
বিরোধীদের কাঠগড়ায় তুললেন মন্ত্রী
অগ্নিমিত্রা পাল বলেন, “ফুটপাথ গরিব বা বড়লোককে আলাদা করে চেনে না। ফুটপাথে যারা হাঁটছেন, তাঁরা সবাই মানুষ। মাননীয় সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ফুটপাথকে হাঁটাচলার উপযোগী করে তুলতে হবে। ফুটপাথ মানুষের হাঁটাচলার জন্য, বসবাস করার জন্য নয়। আমি জানি, আমাদের সরকার অনেক বড় ম্যান্ডেট নিয়ে এসেছে, তাতে বিরোধীদের সমস্যা হওয়ারই কথা। কিন্তু আপনাদের সুবিধা বা অসুবিধা দেখে তো সরকার কাজ করবে না। আজ বিনিয়োগের কথা হচ্ছে, নতুন শিল্পপতিদের সঙ্গে কথা হচ্ছে, শিল্প আনার চেষ্টা চলছে। যাঁদের ডাকা হচ্ছে, তাঁরা এসে যদি দেখেন রাস্তাঘাট যানজটে ভরা, রাস্তাঘাটের অবস্থা খারাপ, শহরের এই পরিবেশ..তাঁরা কি আসবেন?”
আরও পড়ুন: ভোররাতে অমরাবতী হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত্যু ৩ নবজাতকের, অসুস্থ একাধিক
এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে যে এত সমালোচনার মাঝেও নিজের অবস্থানে অনড় তিনি। তাঁর সাফ কথা, পশ্চিমবঙ্গের উন্নয়ন রুখতেই এ হেন পদক্ষেপ করছেন বিরোধীদের রাজনৈতিক নেতৃত্ব। মন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়া মারফত এই বলেছেন যে, “ দুধ কেন, খিচুড়ি বা পকোরা হলেও বলব। ফুটপাতে এটা করবেন না। আসলে ভাল কাজ করতে গেলে বাধা দিচ্ছে বিরোধীরা। এরপর একটা অ্যাক্সিডেন্ট হলে তো বিরোধীরাই সরকারের তুলোধনা করবে।”










