গুরুত্বপূর্ণ ১৫০ ঘণ্টা, বাংলা নিয়ে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর! বড় কিছু করার প্ল্যান? সতর্ক তৃণমূল

Published:

Amit Shah

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে সময় খুবই সাময়িক, আগামী ২৩ এপ্রিল রাজ্য জুড়ে শুরু হতে চলেছে প্রথম দফার নির্বাচন। এরপর ২৯ এপ্রিল হবে দ্বিতীয় দফার নির্বাচন। কিন্তু এই নির্বাচনের প্রাক্কালে তৃণমূল এবং বিজেপির মধ্যে এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ নিয়ে নাকি বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাই পরবর্তী ১৫০ ঘণ্টা বেশ গুরুত্বপূর্ণ সকলের কাছে।

সাংবাদিক বৈঠক তৃণমূলের

গতকাল অর্থাৎ সোমবার সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং মন্ত্রী শশী পাঁজা। তাঁরা বৈঠকে দাবি করেছেন যে, অমিত শাহ পশ্চিমবঙ্গ নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন। ডেরেকের কথায়, ‘‘আমাদের কাছে নির্ভরযোগ্য সূত্রে খবর আছে, অমিত শাহ CBI প্রধান, ED প্রধান এবং NIA প্রধানকে বৈঠকে ডেকেছেন। বাংলার নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য। তাই তৃণমূলের কাছে আগামী ১৫০ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সময়ে পশ্চিমবঙ্গে বড় কিছু ঘটাতে চলেছে।’’

কী বলছেন ডেরেক ও’ব্রায়েন?

শাসক শিবিরের আশঙ্কা যেখানে বিজেপি জিরো সেখানেই নজর রাখা হচ্ছে। তালিকায় রয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি। ডেরেকের কথায়, ‘‘এক জন মহিলাকে হারাতে মরিয়া হওয়ার সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে বিজেপি। এক দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী-সহ ১৮ জন কেন্দ্রীয় মন্ত্রী, হাফ ডজন মুখ্যমন্ত্রী, সিএপিএফ, সিআরপিএফ, আইটিবিপি, সিবিআই, এনআইএ, আর অন্য দিকে, এক জন মহিলা। বোঝাই যাচ্ছে তৃণমূল কংগ্রেস কতটা শক্তিশালী।’’ তাঁদের স্পট আশঙ্কা, ভোটের মুখে এ রাজ্যে আরও কিছু ঘটবে। আর যা ঘটবে সবটাই ‘কেন্দ্রের অঙ্গুলিহেলনে’ হবে।

মামলা করা হয়েছে হাইকোর্টে

উল্লেখ্য বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই বঙ্গের রাজনৈতিক পারদ চড়ছে। এদিকে গতকাল অর্থাৎ সোমবারই গোটা রাজ্য থেকে ৮০০ দলীয় নেতা এবং কর্মীকে গ্রেফতারের আশঙ্কা করে ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জেলা ধরে ধরে নাম উল্লেখ করে আদালতের কাছে তালিকাও জমা করেছে রাজ্যের শাসকদল। জানা গিয়েছে এই তালিকায় যেমন দলীয় সদস্য রয়েছে, নেতা থেকে সাংসদ রয়েছে ঠিক তেমনই বিধায়ক, চেয়ারম্যান, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির সদস্যেরাও রয়েছেন।

আরও পড়ুন: দিঘা, মন্দারমণি যাচ্ছেন? সাবধান! হোটেলে মিলবে না রুম, জারি নির্দেশিকা

ইতিমধ্যেই ১৩৫ জন দাগি অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁদের। তার উপর গতকাল, রাতে নন্দীগ্রামের দাপুটে তৃণমূল দাপুটে নেতা শেখ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের অন্তর্গত ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল প্রধান তৃণমূলের আরেক নেতা হাবিবুর রহমানকে টাকা বিলি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এখন দেখার পরিস্থিতি ভোটের আগে কোন দিকে মোড় নেয়।