ঋতব্রতর দলে বড় পদ মমতার প্রিয় অনুব্রত মণ্ডলের, জেলা সভাপতিদের নাম ঘোষণা

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আরও নিঃসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পাকাপাকিভাবে ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেসে জুড়ে গেল বীরভূমের অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ওরফে কেষ্টর নাম। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলত্যাগ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভিড়তেই বড় দায়িত্ব পেলেন অনুব্রত মণ্ডল। শনিবার, তাঁকে বীরভূমের জেলা সভাপতি করল নব্য তৃণমূল। এদিন ঋতব্রতর তৃণমূলের তরফে জেলা সভাপতিদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে রয়েছে একাধিক পরিচিত নাম।

ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতির তালিকা

শনিবার, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নব্য তৃণমূলের তরফে যে জেলা সভাপতির তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় অনুব্রত মণ্ডলের পাশাপাশি জায়গা পেয়েছেন একগুচ্ছ পরিচিত নেতা। যেমন পূর্ব বর্ধমানের জেলা সভাপতি করা হয়েছে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হিসেবে পরিচিত ডায়মন্ড হারবারের জেলা সভাপতি হয়েছেন শুভাশিষ দাশ। ঘাটালের জেলা সভাপতি করা হয়েছে সঞ্জয়কে। ওদিকে বাঁকুড়ার জেলা সভাপতি হয়েছেন রথীন বন্দ্যোপাধ্যায়।

এখানেই শেষ নয়, উত্তর কলকাতার সভাপতি করা হয়েছে ঋতব্রত সতীর্থ সন্দীপন সাহাকে। দক্ষিণ কলকাতার দায়িত্ব পেয়েছেন দেবাশীষ কুমার। একই সাথে হাওড়া সদরের জেলা সভাপতি হয়েছেন সৃষ্টিধর ঘোষ। সুন্দরবনের দায়িত্ব পেয়েছেন গণেশ মণ্ডল। এছাড়াও পশ্চিম মেদিনীপুরে প্রদীপ সরকার, পুরুলিয়ায় উজ্জ্বল কুমার, পশ্চিম বর্ধমানের নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে জেলা সভাপতি দায়িত্বে রাখা হয়েছে।

অবশ্যই পড়ুন: “বছরে ১ হাজার কোটির রেভিনিউ বাড়বে” ডানকুনিতে লাক্স কোজির শিলান্যাসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, জেলা সভাপতি ছাড়াও নতুন তৃণমূলের প্রধান মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম। এছাড়া মুখপাত্র হয়েছেন শান্তনু সেন, সুদীপ রাহা, কোহিনূর মজুমদার, সন্দীপন সাহা, অপূর্ব সরকার, আখরুজ্জামান, স্নেহাশীষ চক্রবর্তী।