“বছরে ১ হাজার কোটির রেভিনিউ বাড়বে” ডানকুনিতে লাক্স কোজির শিলান্যাসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূলের অপশাসন কাটিয়ে ডবল ইঞ্জিন সরকারের উন্নয়ন দেখছে রাজ্যবাসী! ভারতীয় জনতা পার্টির সরকার বাংলার মসনদে বসার পর থেকেই একে একে পশ্চিমবঙ্গমুখী হচ্ছে বিভিন্ন শিল্প গোষ্ঠী। সেই তালিকায় রয়েছে লাক্স কোজি(Lux Cozi)  সংস্থাও। ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে এবার এই সংস্থার 600 কোটি টাকার লগ্নি এসেছে বাংলায়। শনিবার, ডানকুনিতে 12 লক্ষ বর্গফুট এলাকায় লাক্স কোজির কারখানা সম্প্রসারণ হয়েছে। এদিন সংস্থার দ্বিতীয় ইউনিটের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলান্যাস হল লাক্স কোজির দ্বিতীয় ইউনিটের

বাংলায় ক্ষমতায় আসার আগে রাজ্যে বিভিন্ন শিল্প গোষ্ঠীর বিনিয়োগের আশা দেখিয়েছিল বিজেপি। সেই মতোই এবার কাজে করে দেখাচ্ছেন শুভেন্দু অধিকারীরা। বাংলায় একেবারে 600 কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে লাক্স কোজি। সেই সূত্রেই এবার ডানকুনিতে তাদের দ্বিতীয় ইউনিটের শিলান্যাস হয়ে গেল। শনিবার, গোমাতার সেবা করেই ডানকুনির শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন মুখ্যমন্ত্রীর সাথেই ওই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং সহ অন্যান্য নেতা-মন্ত্রীরা। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই ডানকুনিতে লাক্স কোজির দ্বিতীয় ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা অশোক টোডি।

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রদীপ উজ্জ্বলন পর্বের পর সমস্ত মন্ত্রীকে সম্মাননা জানানো হয় এ দিন। আর ওই অনুষ্ঠান মঞ্চ থেকেই রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় জানান, “বাংলা এবার শিল্পের খরা কাটবে। নতুন করে শিল্পের জোয়ারে ভাসবে বাংলা! একে একে যেসব শিল্পপতিরা বাংলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন তাঁরা আবার ফিরছেন। প্রয়োজন হলে তাঁদের হাতে পায়ে ধরে ফিরিয়ে আনব।”

অবশ্যই পড়ুন: এদের ফেরাতে হবে আবাসের টাকা, বাড়ি বাড়ি গেল নোটিশ

লাক্স কোজির দ্বিতীয় ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাংলা আবার বিনিয়োগের দিক থেকে ভারত সেরা হবে। শ্যামাপ্রসাদের স্বপ্নপূরণে বাংলায় শিল্পের জোয়ার। ডবল ইঞ্জিন সরকারের সুফল পাবেন মানুষ। আসলে বিজনেস ফ্রেন্ডলি পরিবেশ তখনই তৈরি হয়, যখন রাজ্যের আইনশৃঙ্খলা ঠিক থাকে। রাজ্যের আইন-শৃঙ্খলা থেকে শুরু করে বেকারত্বের সমস্যা, শিক্ষা সবকিছুতেই পরিবর্তন আসছে। মুখ্যমন্ত্রী এ-ও জানালেন, বাংলায় বিনিয়োগ ধীরে ধীরে বাড়বে। বছরে এক হাজার কোটি টাকা বার্ষিক রেভিনিউ বাড়বে। 9000 মানুষের কর্মসংস্থান হবে।